ঢাকার কেরানীগঞ্জ থানার ভাংচুর, অগ্নিসংযোগ ও পুলিশের কাজে বাধাদানের পৃথক ২ মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান আমানউল্লাহ আমানসহ ১৬৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনীম রোববার এ আদেশ দেন। এদিন মামলাটি অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য ছিল।
কিন্তু আসামিরা আদালতে হাজির না হওয়ায় তাদের আইনজীবীরা সময়ের আবেদন করেন। পরে বিচারক চার্জশিট গ্রহণ করেন এবং সময়ের আবেদন নামঞ্জুর করে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ২ জুন কেরানীগঞ্জ থানা এলাকায় নাশকতার অভিযোগে মামলাটি করা হয়। ১৮ নভেম্বর আমানউল্লাহ আমানসহ ১৬৯ জনের বিরুদ্ধে দণ্ডবিধি ও বিস্ফোরক আইনে পৃথক দুটি চার্জশিট দেয় পুলিশ।





