বদিউজ্জামান রাজাবাবু,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, বিএনপি-জামায়াত সরকার দেশের রেল বিভাগকে পরিত্যক্ত করেছিল। শেখ হাসিনা ক্ষমতায় এসে সেটি পুনরুদ্ধার করেছে। আওয়ামী লীগ সরকার রেল যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছে। বঙ্গবন্ধু সেতুতে পৃথকভাবে রেলসেতু তৈরি হচ্ছে। সেখানে ১০০ কিলোমিটার গতিতে ট্রেন যাবে।
বৃহস্পতিবার (৮ জুন) সকাল ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন চত্বরে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, দেশের সব পরিবহনে ভাড়া বেড়েছে কিন্তু ট্রেনে ভাড়া বাড়েনি। আগে যা ভাড়া ছিল এখনও তাই আছে। প্রধানমন্ত্রীকে ভাড়া বাড়ানোর বিষয়টি অবহিত করা হলে তিনি রাজি হননি। জনগণের কল্যাণে প্রধানমন্ত্রী ভাড়া অপরিবর্তিত রেখেছেন।
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু হয়েছে। এ ট্রেনে কম খরচে আম-গরু ঢাকায় পরিবহন করা যাবে। ট্রাকে করে নিলে গেলে যে খরচ হয়, তার চার ভাগের এক ভাগ খরচ হবে ক্যাটল ট্রেনে। এছাড়াও ঈদের পর জুলাই মাসে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে বন্ধ থাকা ট্রেন চালু হবে।
পরে পতাকা উড়িয়ে ও বাঁশি বাজিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজধানী ঢাকাগামী ম্যাঙ্গো স্পেশাল ট্রেন উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। জেলা প্রশাসক একেএম গালিব খান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ মুহা. জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, সহ রেলওয়ে ও জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, আমচাষি ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।





