বানিয়াজান স্পারের ভাঙন থামছেই না

প্রতিনিধির পাঠানো ছবি

প্রাকৃতিক দুর্যোগ

তৃতীয় দফায় আরও ২৫ মিটার যমুনায় বিলীন

বানিয়াজান স্পারের ভাঙন থামছেই না

  • বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ অগাস্ট, ২০২১

বগুড়ার ধুনটে যমুনার বাঁধ রক্ষায় নির্মিত বানিয়াজান স্পারের আরো ২৫ মিটার অংশ ভেঙে বিলীন হয়েছে নদীতে। পানির তোড়ে গত রোববার সকালের দিকে তৃতীয় দফায় ভাঙন শুরু হয় এই স্পারে। এ নিয়ে স্পারের প্রায় ৭৫ মিটার অংশ নদীতে বিলীন হয়েছে। ফলে ভাঙনের ঝুঁকিতে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ জনবসতি এলাকা।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের পূর্ব পাশ দিয়ে বহমান যমুনা নদীর ভাঙন ঠেকাতে ২০০৩ সালে ১১ কোটি টাকা ব্যয়ে স্পারটি নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। এরপর থেকে নদীর পানি অনেক দূর দিয়ে প্রবাহিত হওয়ায় ঝুঁকিমুক্ত ছিল স্পারটি। কিন্তু নদীর বুকে ডুবোচর জেগে ওঠায় গেল ৫ আগস্ট পানির তোড়ে ভেঙে যায় স্পারের ২০ মিটার অংশ। পানি উন্নয়ন বোর্ড সেখানে শুরু করে মেরামত কাজ। তবে মেরামত কাজ চলাকালেই ৯ আগস্ট রাতে ওই অংশসহ আরো ৩০ মিটার স্পার ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়। তিন দফায় স্পারের ৭৫ মিটার অংশ বিলীন হয়েছে। তবে এই ভাঙন অব্যাহত রয়েছে। এতে স্পারের অগ্রভাগের ঢালাই করা অংশ থেকে মাটির তৈরি অংশ আলাদা হয়েছে। ওই স্পারের উপরের অংশ পুরোটাই নদীতে বিলীন হয়ে ভাঙনের ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে আছে ঢালাই করা অংশ। পানি বৃদ্ধির সঙ্গে স্রোত বেড়ে গেলে স্পারের অগ্রভাগের অংশ নদীতে বিলীন হওয়ার আশংকা করছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা বেলাল হোসেন জানান, পাউবো ধসে যাওয়া স্থানে ধীরগতিতে মেরামত কাজ করছিল। এ কারণে পানির প্রবল চাপে বার বার স্পার ভেঙে নদীতে বিলীন হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড সময় মতো টেকসই মেরামত কাজ করলে স্পারটি বার বার ভেঙে সরকারি টাকা অপচয় হতো না বলে জানান এলাকাবাসী।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, বানিয়াজান স্পারের ভাঙন ঠেকাতে নিরলসভাবে চেষ্টা করা হচ্ছে। কিন্তু পানি বৃদ্ধির ফলে প্রবল স্রোতে টিকছে না স্পারটি।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads