সারা দেশ

বাজিতপুর থেকে অপহৃত শিশু লালমনিরহাট থেকে উদ্ধার

  • ''
  • প্রকাশিত ১৬ মে, ২০২৪

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জের বাজিতপুর থেকে অপহরণের তিনদিন পর নুর মোহাম্মদ নামের আট মাস বয়সী এক শিশুকে লালমনিরহাট জেলা সদর থেকে উদ্ধার করেছে পুলিশ।

অপহরণের শিকার শিশু নুর মোহাম্মদ কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিপড়াদী গ্রামের শরীফ মিয়ার ছেলে। শিশুটির মা লিপি আক্তার শান্তার বাজিতপুর উপজেলার সরারচর বাজারে বিউটি পার্লার রয়েছে। এ ঘটনায় প্রীতি আক্তার (২৪) নামের এক পোশাককর্মী ও আতিকুল ইসলাম আতিক (২৪) নামের এক রডমিস্ত্রিকে আটক করেছে পুলিশ।

অভিযুক্ত আটককৃত প্রীতি আক্তার কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার দক্ষিণ সরারচর গ্রামের মৃত নজরুল ইসলাম নাজনু মিয়ার মেয়ে। আতিকুল ইসলাম লালমনিরহাট জেলার সদর উপজেলার মোস্তাফি বালাপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

এই উপলক্ষে বুধবার বিকালে কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মাধ্যমে পুলিশ সাংবাদিকদের জানায় কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর বাজারে বিউটি পার্লারে কাজ করছিলেন শিশুটির মা লিপি আক্তার শান্তা। তার পাশেই খেলা করছিল দুই শিশুসন্তান সাইফা (৮) ও নূর মোহাম্মদ (৮ মাস)। স্থানীয় এক গার্মেন্টকর্মী প্রীতি আক্তার পার্লারে ঢুকে লিপি আক্তারের সঙ্গে গল্পের এক ফাঁকে শিশু নূর মোহাম্মদকে কোলে নেন এবং শিশুটি কে চিপস কিনে দেওয়ার কথা বলে ওখান থেকে শিশুটিকে নিয়ে উধাও হয়ে যান। 

বুধবার (১৫ মে) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ। পরে উদ্ধারকৃত শিশুটিকে তার মা লিপি আক্তারের কোলে তুলে দেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোস্তাক সরকার, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. নূরে আলম, বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, বাজিতপুর থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জামান, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহীন সরদার প্রমুখ।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আল আমিন হোসাইন সংবাদ মাধ্যম কে জানান, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads