চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দরে জনবল সংকট তীব্র। এসব বন্দরের অনুমোদিত পদের তুলনায় অনেক কম লোক কাজ করছে। সম্প্রতি সংসদ ভবনে অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির ১১তম বৈঠকের কার্যবিবরণী থেকে এ তথ্য পাওয়া যায়। বৈঠকে বন্দর তিনটির কর্মকর্তারা এসব তথ্য জানান।
জানা যায়, চট্টগ্রাম বন্দরের আট হাজার ৬৮০টি অনুমোদিত পদের মধ্যে এক হাজার ৫১২টি পদ শূন্য আছে। মোংলায় দুই হাজার ৭২৭ জন অনুমোদিত জনবলের মধ্যে কর্মরত আছে এক হাজার ৩৬ জন। আর পায়রা বন্দরের অনুমোদিত ২৩৬ জন জনবলের মধ্যে নিয়োগ দেওয়া হয়েছে ১৯২ জনকে।
উপকিমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য শাজাহান খান, মো. মাজহারুল হক প্রধান, রণজিৎ কুমার রায়, মাহফুজুর রহমান, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, আছলাম হোসেন সওদাগর ও এস এম শাহজাদা উপস্থিত ছিলেন। এতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (ফিন্যান্স) কমিটির বিগত প্রথম থেকে দশম বৈঠক পর্যন্ত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নের জন্য গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতির প্রতিবেদনটি পাঠ করে শোনান।
এতে বলা হয়, চট্টগ্রাম বন্দরের আট হাজার ৬৮০টি অনুমোদিত পদের মধ্যে এক হাজার ৫১২টি পদ শূন্য। আগামী বছর নাগাদ ২৮৬টি পদ পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। বন্দরের চলমান প্রকল্পসমূহ কমিটি কর্তৃক সরেজমিন পরিদর্শনের ব্যাপারে কমিটি যখন পরিদর্শনের ইচ্ছা ব্যক্ত করবে, তখন বন্দর কর্তৃপক্ষ তা বাস্তবায়নের ব্যবস্থা নিতে প্রস্তুত আছে বলেও তিনি জানান। বলেন, কমিটির সদস্য কর্তৃক বিদেশের বিভিন্ন নৌবন্দর সরেজমিন পরিদর্শনের ব্যাপারে কোন কোন বন্দর পরিদর্শন হবে, তার তালিকাসহ কমিটির সদস্যসহ সহায়ক কর্মকর্তাদের তালিকা পেলে পরিদর্শনের ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রস্তুত। তাছাড়া বন্দর কর্তৃপক্ষ কর্তৃক মুজিববর্ষ পালনের জন্য সব রকমের প্রস্তুতি আছে।
কমিটির সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ট্যারিফ ব্যবসায়ীদের জন্য বাড়ানো সম্ভব হচ্ছে না। ১৯৮৭ সালের নির্ধারিত ট্যারিফ এখনো চলছে। বন্দরের আয় বৃদ্ধির লক্ষ্যে যত দ্রুত সম্ভব ট্যারিফ বাড়ানোর ওপরে গুরুত্বারোপ করেন তিনি। বে-টার্মিনাল এবং পতেঙ্গা টার্মিনাল নির্মাণ কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে সে সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। চট্টগ্রাম বন্দরের উৎপাদন সক্ষমতা কতটুকু বাড়ানো সম্ভব হয়েছে সে সম্পর্কে কমিটির ধারণা লাভের জন্য তার বিস্তারিত তথ্য প্রতিবেদন আকারে কমিটিতে উপস্থাপনের পরামর্শ দেন। পাশাপাশি তিনি পতেঙ্গা টার্মিনালের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করতে কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোরও পরামর্শ দেন।
কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একটি বৃহৎ সংস্থা। এর আলোচনা এভাবে হালকা, বিক্ষিপ্ত আকারে করা ঠিক হচ্ছে না। আলোচনা এবং বোঝার সুবিধার্থে তিনি বিভিন্ন দপ্তর/সংস্থা কর্তৃক বাস্তবায়নের উদ্দেশ্যে কমিটি কর্তৃক গৃহীত সিদ্ধান্তসমূহ এবং এর বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে পরবর্তীতে আলাদাভাবে উপস্থাপনের পরামর্শ দেন।
বলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সঠিকভাবে চলছে কি না, সে সম্পর্কে ইদানীংকালে কোনো স্বচ্ছ ধারণা পাওয়া যাচ্ছে না। বন্দরের জেটিগুলো কারা হ্যান্ডেল করছে, সঠিকভাবে হ্যান্ডেল হচ্ছে কি না, ট্যারিফ কেন বাড়ছে না, বন্দরে নতুন কী কাজ হচ্ছে এবং এসব কাজের ঠিকাদার কারা তা কমিটির জানা নেই। জনগণের স্বার্থ রক্ষায় যেভাবে বাজেট, লংটার্ম প্ল্যান ও পঞ্চবার্ষিকী প্ল্যান পাস হয়েছে তার বাস্তবায়ন সঠিকভাবে করার পরামর্শ দেন।
এরপর মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমিটির বিগত প্রথম থেকে দশম বৈঠক পর্যন্ত মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নের জন্য গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতির ব্যাপারে বৈঠকে উপস্থাপিত প্রতিবেদনটি পাঠ করে শোনান। বলেন, দুই হাজার ৭২৭ জন অনুমোদিত জনবলের মধ্যে কর্মরত আছে এক হাজার ৩৬ জন। অবশিষ্ট পদগুলো পূরণের কার্যক্রম চলমান।
পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমিটির বিগত প্রথম থেকে দশম বৈঠক পর্যন্ত পায়রাবন্দর কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নের জন্য বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতির ব্যাপারে বৈঠকে উপস্থাপিত প্রতিবেদনটি পাঠ করে শোনান। বলেন, বন্দরের অনুমোদিত ২৩৬ জন জনবলের মধ্যে ১৯২ জন নিয়োগ করা হয়েছে এবং অবশিষ্ট জনবলে নিয়োগ কার্যক্রম চলমান।





