উপজেলার গোলাকান্দাইল এলাকার বাসিন্দা মাহফুজ ফেসবুকে এসএসসি পরিক্ষার্থী মোহাম্মদ সানিকে (১৭) নিয়ে মানহানিকর স্ট্যাটাস দেয়। এ স্ট্যাটাসকে কেন্দ্র করে মাহফুজ তার বাহিনীর লোকজন কুপিয়ে সানিকে হত্যা করে। এ ঘটনায় আরো তিন যুবককে কুপিয়ে গুরুতর আহত করা হয়। গতকাল সোমবার রাতে গোলাকান্দাইল বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ সানি গোলাকান্দাইল বিজয়নগড় এলাকার মিল্লাত হোসেনের ছেলে।
পুলিশ জানান, গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকার মিছির আলীর ছেলে মাহাফুজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মোহাম্মদ সানিকে নিয়ে কুরুচিপূর্ণ ও মানহানিকর স্ট্যাটাস দেয়। সানি এ স্ট্যাটাস দেখে তার লোকজন নিয়ে রাতে গোলাকান্দাইল বেড়িবাঁধ এলাকায় মাহাফুজকে খুঁজতে যায়। এসময় মাহাফুজের দুই সহযোগীকে আটক করে মারধর করে সানিসহ তার লোকজন। খবর পেয়ে মাহাফুজ ও তার ভাই মাসুমসহ তাদের বাহিনীর লোকজনও ধারালো অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে তার দুই বন্ধুকে ছাড়িয়ে নিতে সানিসহ তাদের লোকজনকে ধাওয়া করে। এসময় উভয়পক্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে মাহাফুজসহ তার বাহিনীর লোকজন সানিকে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা সানিকে উদ্ধার করে ইউএস বাংলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হিরা (২০) ও সায়েমকে (১৯) এলোপাতাড়ি কুপিয়ে জখম করে মাহফুজের লোকজন। আহতদের অবস্থা সংকটাপন্ন হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে আল-আমিন (১৮) ও জাহিদ (১৯) নামে দুইজনকে আটক করেছে পুলিশ।
রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।





