তিন দিনের সরকারি ছুটি ও আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের ওরসের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বাড়তি যানবাহনের চাপে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ছোট বড় মাত্র ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।
আজ শনিবার উভয়ঘাটে সহস্রাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় ছিল। তীব্র যানজটের মধ্যে ঘাটে এসে আটকা পড়ে নানা দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা। বিশেষ করে নারী ও শিশু যাত্রীদের দুভোর্গের সীমা নেই। খাওয়া-দাওয়াসহ পানি ও টয়লেটের সমস্যা সম্মুখীন হচ্ছেন। এছাড়া, পাটুরিয়া ঘাটে যানজট এড়াতে ট্রাকগুলোকে ঢাকা-আরিচা মহাসড়কের উথলী মোড় থেকে আরিচা পুরাতন টার্মিনাল পর্যন্ত আটকে রাখায় আরিচা সড়কেও দফায় দফায় যানজটের সৃষ্টি হচ্ছে। এতে, স্থানীয় যাত্রীদেরকেও দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে তারা অভিযোগ করেন।
বিআউডব্লিউটিসির পাটিুয়িা ঘাটের সহকারী ব্যাবস্থাপক আব্দুস সালাম জানান, সরকারি ছুটির যাত্রী চাপসহ আটরশির ওরসের গাড়ি থাকায় ঘাটে যানজটের সৃষ্টি হয়েছে। বাড়তি যানবাহনের কারণে ফেরি পারাপারে হিমশিম খেতে হচ্ছে।
সরেজমিনে ঘাট এলাকা ঘুরে দেখার সময় কয়েকজন বাস যাত্রীর সাথে কথা বলে জানা যায়, ঘাটে যানজটের জন্য বাসের শ্রমিকরা যাত্রীদেরকে উথলী মোড়ে নামিয়ে দেন। পরে তারা পায়ে হেঁটে ঘাটে এসে পৌঁছান। যেখানে উথলী থেকে আরিচা আসতে সময় লাগে মাত্র ১০-১৫ মিনিটি। কিন্তু যানজটের কারণে তাদের অনেকের ঘাটে আসতে প্রায় দেড় থেকে দুই ঘন্টা সময় লেগেছে।
পাটুরিয়া ঘাটে এসে বাসে বসে অপেক্ষমান কয়েকজন যাত্রী জানান, শুক্রবার মধ্যে রাতে ঘাটে এসেছেন তারা। দীর্ঘ সময় যাবৎ বাসে বসে থেকে মারাত্মকভাবে ক্লান্ত হয়ে পড়েছেন যাত্রীরা। তাদের ঘুম, খাওয়া, খাবার পানি, টয়লেটসহ নানা ধরণের সমস্যায় পড়তে হচ্ছে। শিশু যাত্রীরা কান্না-কাটি করছে। তাদের কান্না থামানো অনেক কষ্টকর হয়ে পড়ছে। দীর্ঘ সময় এইভাবে বাসে বসে থাকায় বিশেষ করে বয়স্ক মানুষের শারীরিকভাবে সমস্যা দেখা দিচ্ছে।
বিআইডব্লিউটিসির ঘাট কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের সূত্রে জানা যায়, ঘাট এলাকায় তীব্র যানজটের কারণে মালবাহী ট্রাকগুলোকে উথলী সংযোগ মোড় থেকে আটকিয়ে দেয়া হচ্ছে। মালবাহী ট্রাকগুলোকে আরিচা সড়কে পাঁচ কিলোমিটার পর্যন্ত লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে। ফলে, আরিচা সড়কেও যানজটের দেখা দিচ্ছে। গতকাল শনিবার পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট এলাকায় যাত্রীবাহী বাস, মালবাহী ট্রাকসহ সবমিলিয়ে সহ¯্রাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় ছিল।
মহসড়কের শিবালয় প্রেসক্লাবের সামনে ফেরি পারের অপেক্ষায় থাকা কয়েকজন ট্রাক শ্রমিক জানান, পাটুরিয়া ঘাটে ফেরি পারের জন্য যাওয়ার পথিমধ্যে ঘাট এলাকায় যানজটের কারনে তাদের উথলী মোড় থেকে আটকে দেয়া হয়েছে। তারা দক্ষিণাঞ্চলে যাওয়ার জন্য সকাল থেকে আরিচা ঘাট এলাকায় ফেরি অপেক্ষায় বসে আছেন। কখন তারা ফেরির নাগাল পাবেন কেউ বলেতে পারছেন না। তাদের দুপুরে খাওয়া, গোসল, ঘুম, খাবার পানি, টয়লেটসহ নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এদিকে, ঢাকা-আরিচা মহাসড়কের উথলী থেকে আরিচা পর্যন্ত দীর্ঘ পাচঁ কিলোমিটার যানজটের কারণে এ সড়কেও মাঝে মধ্যেই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে, মানিকগঞ্জের স্থানীয় যাত্রীদের দুভোগ পোহাতে হচ্ছে। বিশেষ কোন সমস্যা যেমন হাসপাতালে রোগী নেয়ার ক্ষেত্রে মাত্র ১০ মিনিটের রাস্তা পার হতে প্রায় দেড় থেকে দুই ঘন্টাও সময় লাগছে বলে তাঁরা অভিযোগ করেন। দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায়ও অনুরুপ অবস্থা রয়েছে।
বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম জিল্লুর রহমান জানান, সরকারি ছুটি ও আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের ওরসের যানবাহনের বাড়তি চাপ থাকায় এ ঘাটে যানজটের সৃষ্টি হয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে নয়টি রো-রো ও সাতটি কে-টাইপ ফেরি মোট ১৬টি ফেরি দিয়ে নিরলসভাবে যানবাহন পারাপার করা হচ্ছে। ছোট গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে পার করায় মালবাহী ট্রাকগুলোকে আটকে রাখতে বাধ্য হতে হচ্ছে। শনিবার দুপুরের দিকে ছোট গাড়ির সংখ্যা কমে গেছে। যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাক ফেরি পারের অপেক্ষায় রয়েছে। শনিবারের মধ্যেই এ সকল যানবাহন পারাপার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।





