ময়মনসিংহের ফুলপুরে প্রায় কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বওলা ইউনিয়নের লস্করপাড়া থেকে ফুলপুর থানা পুলিশ ওই মূর্তি উদ্ধার করে।
জানা যায়, এলাকার মতিউর রহমান নামে এক কৃষক তার নিজ জমিতে পুকুর খনন করার সময় এই মূর্তির সন্ধান পাওয়া যায়। পরে বিষয়টি জানাজানি হলে শত শত উৎসুক জনতা মূর্তিটি দেখার জন্য লস্কর পাড়ার ওই বাড়িতে ভীড় জমায়। এক পর্যায়ে বওলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী নাসিম বিষয়টি প্রশাসনকে অবহিত করেন। খবর পেয়ে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী ওসিকে নির্দেশ দিলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন ও প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে উহা জব্দ করে থানায় নিয়ে আসেন। ধারণা করা হচ্ছে, ৫০কেজি ওজনের ওই পাথরটি হাজার বছরের পুরনো এবং কোটি টাকা মূল্যমানের।
ওসি মুহাম্মদ বদরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মূর্তিটি থানা হেফাজতে রয়েছে। এটি কি করা হবে এ বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ নেওয়া হচ্ছে।





