মহামারি করোনার কারণে বিকল্প পদ্ধতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ নিয়ে বিরূপ মন্তব্য না করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, এবার অনেক কষ্ট করে ফলাফল তৈরি করেছে সবাই। বিশেষজ্ঞসহ সকলের মতামত নিয়ে তৈরি করা হয়েছে এই ফলাফল। অনেক কঠিন কাজ ছিল এটা। আমরা কখনো চাই না শিক্ষার্থীদের জীবন থেকে এক বছর নষ্ট হোক। তাই এই ফলাফলটা দিলাম আমরা। অনেকে এই ফল নিয়ে কথা বলেছেন। এভাবে তিক্ততা তৈরি কিরা উচিত হবে না। এটা নিয়ে বিরূপ মন্তব্য করলে শিক্ষার্থীদের মনে মানসিক চাপ পড়বে।
আজ শনিবার সকাল পৌনে ১১টার পর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত ফল প্রকাশের অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।
পরীক্ষা না নিয়ে ফল প্রকাশে আইন সংশোধনের পর একযোগে ১১টি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হল। ১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন শিক্ষার্থীর এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা দেয়ার কথা ছিল। পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ১ এপ্রিল থেকে। কিন্তু মহামারি করোনার প্রকোপ বাড়তে শুরু করলে ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। তার আগে এসএসসি পরীক্ষা হয়ে গেলেও আটকে যায় এইচএসসি পরীক্ষা।





