বাগেরহাটের ফকিরহাট ফলতিতা মৎস্য বাজার, ফকিরহাট বিশ্বরোড বাসস্ট্যান্ড ও ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে আটটি মামলা ও ৯৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনোয়ার হোসেন।
এ সময় ৪টি মৎস্য আড়তে বাটখারার নির্ধারিত ওজনের কম এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৮টি প্রতিষ্ঠানকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানাকৃত আড়ৎগুলো হলো মেসার্স মেঘনা ফিস ৩০ হাজার টাকা, অন্তরা মৎস্য ফিস ২০ হাজার টাকা, শাপলা মৎস্য আড়ৎ ২০ হাজার টাকা, ঠান্ডা মাসুদ ও জুয়েল মৎস্য ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া খুলনা-ঢাকা মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ফকিরহাট বিশ্বরোড বাসস্ট্যান্ড মোড়ে অবৈধভাবে গাড়ি পার্কিং করায় চৌধুরী পরিবহনকে ৫০০ টাকা জরিমানা করা হয়। অপরদিকে, উপজেলার মেসার্স খান ফিলিং স্টেশনে ক্রেতাদের জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, খুলনার বিএসটিআই ইন্সপেক্টর রনজিৎ কুমার মল্লিক। ফকিরহাট মডেল থানার এএসআই আনোয়ার হোসেনসহ একটি পুলিশের দল অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।





