প্লটের আবেদন প্রত্যাহার করলেন রুমিন ফারহানা

রুমিন ফারহানা

ফাইল ছবি

জাতীয়

প্লটের আবেদন প্রত্যাহার করলেন রুমিন ফারহানা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৭ অগাস্ট, ২০১৯

রাজধানীর পূর্বাচলে ১০ কাঠা প্লট চেয়ে করা আবেদন প্রত্যাহার করেছেন বিএনপি থেকে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

আজ মঙ্গলবার দুপুরে প্লট আবেদনের চিঠি প্রত্যাহার চেয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে নতুন চিঠি পাঠিয়েছেন রুমিন। বিএনপি চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান সাংবাদিকদের এমন তথ্য নিশ্চিত করেছেন।

রুমিন ফারহানা চিঠিতে লিখেছেন, ‘আমার দল বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে আমি প্লট আবেদনের চিঠি প্রত্যাহারের আবেদন জানাচ্ছি। এ ব্যাপারে যথাযথ উদ্যোগ নিয়ে বাধিত করবেন।’

এর আগে, গত ৩ আগস্ট সংসদ সদস্যের প্যাডে ১০ কাঠার একটি প্লটের জন্য আবেদন করেন রুমিন। গত ২৫ আগস্ট এ নিয়ে বাংলাদেশের খবর প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বিষয়টি ভাইরাল হয়ে পড়ে। এতে প্রচণ্ড সমালোচনার মুখে পড়েন রুমিন।

সংসদের প্যাড ব্যবহার করে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমকে চিঠিতে মন্ত্রীকে উদ্দেশ করে রুমিন ফারহানা লেখেন— ‘আপনার সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জানানো যাচ্ছে যে, ঢাকাস্থ পূর্বাচল আবাসিক এলাকায় দশ কাঠা প্লট দরকার আমার। ঢাকা শহরে আমার কোনো জায়গা, ফ্ল্যাট কিংবা জমি নেই। ওকালতি ছাড়া আমার অন্য কোনো ব্যবসা নেই। আমার নামে দশ কাঠা প্লট বরাদ্দের জন্য সুব্যবস্থা করে করে দিতে আপনার মর্জি হয়। আমার নামে দশ কাঠা প্লট বরাদ্দ করলে আমি আপনার নিকট চির কৃতজ্ঞ থাকব।’ 

ভাষাসৈনিক অলি আহাদের মেয়ে রুমিন ফারহানা গত কয়েক বছর ধরেই বিএনপির কর্মকাণ্ডে বেশ সক্রিয়। পাশাপাশি টেলিভিশনে বিভিন্ন টক শোতেও তাকে নিয়মিত দেখা যায়।  গত ৯ জুন তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। জাতীয় সংসদের বৈঠকে যোগ দিয়ে প্রথম দিনেই উত্তাপ ছড়িয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে।  একাদশ সংসদ নির্বাচন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জেল ও তারেক রহমানকে নিয়ে কথা বলতে গিয়ে বারবার সরকারি দলের সদস্যদের প্রতিবাদ, চিৎকার চেঁচামেচির মুখে পড়েন রুমিন। পরে সরকারি দলের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রুমিনের বক্তব্যের কিছু অংশ কার্যবিবরণী থেকে বাদ (এক্সপাঞ্জ) দেওয়া হয়।

প্লট পেতে আবেদন করেছেন কি না জানতে চাইলে রুমিন ফারহানা বাংলাদেশের খবরকে বলেন, এটা একদম নিয়মতান্ত্রিক প্রক্রিয়া। আমি কেবল চিঠি দিয়ে রাখলাম। পেলে পেলাম, না পেলেও কোনো দুঃখ নেই। সব সংসদ সদস্য দিচ্ছেন। তারা সবাই বলেছেন, দিয়ে রাখো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads