সিংগাইর( মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার প্রবাসী স্ত্রীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অপবাদ দিয়ে শালিসি বৈঠকে মীমাংসার নামে নগদ ৫০ হাজার টাকা ও একটি গরু ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে গ্রামের কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে। এঘটনাটি ঘটেছে উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর গ্রামে।
স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী জিয়াসমিন জানান , গত ২৩ সেপ্টেম্বর পাশ্ববর্তী সাভার উপজেলার ফুলবাড়িয়া এলাকার আলামিন ভুক্তভোগীর বাড়িতে বেড়াতে আসেন। ঐ দিনই রাতে পাশের বাড়ীর সেলিম স্থানীয় লোকজন নিয়ে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলেন। এর জের ধরে ওই নারী ও আলামিনকে আটক করেন। এরপর আলামিনকে মারধর করে অনৈতিক কাজের কথা স্বীকার করান । ভোররাতে সাবেক ইউপি মেম্বার আরিফুর ইসলামের নেতৃত্বে সালিশ বৈঠকে দু,জনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার নগদ ৫০ হাজার টাকা আদায় করা হয়। বাকী টাকা না দিতে পারায় ঐ নারীর পালের একটি গরুও ছিনিয়ে নেন মাতবররা। । ঔ এলাকার সিরু মিয়ার পুত্র আব্বাছের বাড়িতে গরুটি গুছিত রাখা হয়েছে বলে জানা গেছে। তবে বাকী ৫০ হাজার টাকা পরিশোধ শর্তে গরুটি ফেরত দিবেন বলে জানান।
এ ব্যাপারে সাংবাদিকদের আরিফ মেম্বার বলেন, ঘটনাটি আমি শুনেছি। এর সাথে আমি জড়িত না। এদিকে অভিযুক্ত প্রতিবেশী সেলিমের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





