প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের মা মোসা. রাজিয়া নাসের (৮৬) ইন্তেকাল করেছেন। সোমবার রাত সাড়ে ৮টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি------ রাজিউন) । মোসা. রাজিয়া নাসের দীর্ঘ দিন ধরে বাধ্যর্কজনিত নানা রোগ ভুগছিলেন।
আজ মঙ্গলবার জোহরের নামাজের পর বনানী মসজিদে তার জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে। শেখ রাজিয়া নাসের মৃত্যুর সংবাদে বাগেরহাট জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমার ৫ ছেলের মধ্যে জেষ্ঠ্য পুত্র শেখ হেলাল উদ্দিন বাগেরহাট- ১ আসনের এমপি। শেখ সালাউদ্দিন জুয়েল খুলনা-২ আসনের এমপি। এমপি শেখ হেলাল উদ্দীনের ছেলে শেখ তন্ময় বাগেরহাট- ২ আসনের আসনের এমপি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন চাচি ও শেখ হেলালের মায়ের মৃত্যুতে তাৎক্ষণিকভাবে শোক প্রকাশ করেছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার তালুকদার, খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড. মোজাফ্ফর হোসেন, সাধারন সম্পাদক ও বাগেরহাট পৌর প্যানের মেয়র তালুকদার আব্দুল বাকী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন প্রমুখ।





