শালিখা (মাগুরা) প্রতিনিধি:
প্রতারণার শিকার হয়ে সংবাদ সম্মেলন করেছেন মাগুরার শালিখা উপজেলার শতপাড়া গ্রামের সৌদি প্রবাসী আল-মামুনের পরিবারের সদস্যবৃন্দ।
মঙ্গলবার বিকালে নিজ বাড়িতে ডাকা এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আল মামুনের ভাই মাহমুদ হাসান বলেন, সেপ্টেম্বর মাসের ৮ তারিখে আমাদের গ্রামের প্রবাসী সেলিম মোল্লার পিতা মালেক মোল্লা আমার ভাইকে সৌদি আরবের আলরাজি অথবা নেছমা কোম্পানিতে কাজ দেওয়ার কথা বলে চার লক্ষ দশ হাজার টাকা নেয় এবং আমার ভাইকে সৌদি আরবে পাঠায় তবে তারা সেখানে কোনো কাজ দেয়নি এমনকি থাকার জায়গাও দেয়া হয়নি ।
বিষয়টি নিয়ে মালেক মোল্লার সাথে কথা বললে মালেক মোল্লা আমাকে বলে তদের সবার নামে কেস করে দেব এবং প্রাণনাশের হুমকি দেয় বলে জানান মাহমুদ হাসান।
অপর দুইজন ভুক্তভোগী জাহাঙ্গীরের স্ত্রী মুন্নি ও দেলোয়ারের স্ত্রী রিমা খাতুন বলেন, আমাদের স্বামীদেরকে সৌদি আরবের নামকরা কোম্পানিতে কাজ দেওয়ার কথা বলে আমাদের প্রত্যেকের কাছ থেকে চার লক্ষ দশ হাজার টাকা নিয়েছে শতপাড়া গ্রামের মালেক মোল্লা কিন্তু কথা অনুসারে তারা আমার স্বামীদেরকে কাজ দেয়নি ফলে আমাদের স্বামীরা বর্তমানে সৌদি আরবের রাস্তায় রাস্তায় ঘুরছে তাদের থাকার জায়গা টুকও নাই। বর্তমানআমাদের বাড়ি থেকে টাকা পাঠিয়ে তাদের খাওয়ার ব্যবস্থা করতে হচ্ছে । তাই আমরা চাই মালেক মোল্লা যেন আমাদের স্বামীদের সৌদি আরবে ভালো কোম্পানিতে কাজের ব্যবস্থার পাশাপাশি থাকা খাওয়ার ব্যবস্থা করে দেয়।
এ ব্যাপারে শালিখা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য জহুরুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি জানান, আমি বিষয়টা শুরু থেকে প্রত্যক্ষভাবে নজরদারি করছি, প্রবাসী সেলিম মোল্লা ও তার পিতা মালেক মোল্লা সৌদি আরবে কাজ দেওয়ার কথা বলে জাহাঙ্গীর, দেলোয়ার ও আল মামুনের সঙ্গে যে কাজ করেছে তা সত্যি অমানবিক তিনি আরো বলেন, আমি বিষয়টি নিয়ে মালেক মোল্লার সাথে কথা বলেছে কিন্তু কোন লাভ হয়নি।
এ ব্যাপারে অভিযুক্ত মালেক মোল্লার সাথে কথা হলে তিনি বলেন, বর্তমানে সৌদি আরবে কাজ দিতে একটু সমস্যা হচ্ছে তারপরেও আমি তাদেরকে প্রথমদিকে একটি কাজ দিয়েছিলাম তারা সেটি না করে অন্যত্র চলে গেছে। তিনি বলেন, আমি তাদেরকে বলেছি তোমরা ফিরে এসো আমি তোমাদেরকে ভালো কাজ দেওয়ার ব্যবস্থা করে দিব।





