মুজিববর্ষ উপলক্ষে নেত্রকোণার পূর্বধলায় আশ্রয়ন-২ প্রকল্পের ১২টি ঘর পেলেন গৃহহীন ও ভূমিহীন পরিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৫৩,৩৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহপ্রদান (২য় পর্যায়) কর্মসূচীর আওতায় পূর্বধলায় উপজেলায় ১২টি ঘর হস্তান্তর করা হয়।
এ উপলক্ষে আজ রবিবার (২০ জুন) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি সাংসদ আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতীক) ঘরের চাবি, জমির দলিলসহ মালিকানা হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন, ইউএনও উম্মে কুলসুম, এসিল্যান্ড নাসরিন বেগম সেতু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, প্রকৌশলী আব্দুল আলীম লিটন, ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম প্রমুখ। পরে সাংসদ ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতীক) ঘরগুলো পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম জানান, উপজেলায় এবার মোট ২০টি ঘর বরাদ্ধ আছে। তার মধ্যে ১২টি ঘর হস্তান্তর করা হয়। বরাদ্ধকৃত বাকী ঘরগুলোর নির্মাণ কাজও দ্রুত সময়ের মধ্যে শেষ হবে। প্রতি ঘরে ব্যয় ধরা হয়েছে ১ লক্ষ ৯০ হাজার টাকা এতে মোট ব্যয় হবে ৩৮ লক্ষ টাকা।





