এশিয়া

পাক-ভারত পাল্টাপাল্টি গোলায় নিহত ১৫

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৪ নভেম্বর, ২০২০

অধিকৃত জম্মু-কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের সেনাবাহিনীর পাল্টাপাল্টি গোলাবর্ষণে অন্তত ১৫ জনের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে পাকিস্তানের ৮ সৈন্য এবং ভারতের চার সৈন্যসহ সাতজন রয়েছেন। পাল্টাপাল্টি গোলাবর্ষণে উভয় পক্ষের সৈন্যসহ দুই ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন। খবর এনডিটিভির।

গতকাল শুক্রবার অধিকৃত জম্মু-কাশ্মীরের গুরেজ থেকে উরি সেক্টরের এলএসির একাধিক এলাকায় পাকিস্তানের গোলাবর্ষণে এই হতাহতের ঘটনা ঘটেছে। ভারতীয় সেনা কর্মকর্তারা বলেছেন, পাকিস্তানি সামরিক বাহিনীর ভারী গোলাবর্ষণে উরির নাম্বালা সেক্টরে ভারতীয় তিন সেনা জওয়ান নিহত হয়েছেন। পাকিস্তানি সৈন্যরা এই এলাকায় মর্টার এবং অন্যান্য অস্ত্র ব্যবহার করেছে। তারা বলেছেন, উরির হাজি পীর সেক্টর এলাকায় পাকিস্তানি গোলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একজন সদস্য নিহত ও আরো একজন আহত হয়েছেন। ওই কর্মকর্তারা বলেছেন, জম্মু-কাশ্মীরের বারমুল্লা জেলার উরির কামালকোট সেক্টরে আরো দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া হাজি পীর এলাকার বালকোটে এক নারী মারা গেছেন। গোলার আঘাতে আহত একজন বেসামরিক নাগরিকের অবস্থা আশঙ্কাজনক।

একইদিনে জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার সাওজিয়ান এলাকায় অস্ত্রবিরতি লঙ্ঘন করে পাকিস্তানের সামরিক বাহিনীর সদস্যদের ছোঁড়া গোলায় আরো সাত ভারতীয় বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

নয়াদিল্লির কর্মকর্তারা বলেছেন, পাকিস্তানের গোলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তারা বলেছেন, উরির বিভিন্ন এলাকা ছাড়াও বান্দিপোড়া জেলার গুরেজ সেক্টরের ইজমার্গ থেকে কুপওয়ারা জেলার কিরান সেক্টর পর্যন্ত অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তানি সৈন্যরা।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, কিরান সেক্টরের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিরোধ করেছে ভারতীয় সামরিক বাহিনী। অনুপ্রবেশের চেষ্টাকারীরা ভারতীয় সৈন্যদের লক্ষ্য করে মর্টার এবং অন্যান্য অস্ত্র নিক্ষেপ করে। এর যথাযথ জবাব দেওয়া হয়েছে। এতে পাকিস্তানি পক্ষেও বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে দাবি তার।

ভারতের সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ভারতের সেনা সূত্রের দাবি, পাল্টা হামলায় ৭-৮ জন পাক সেনা নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ভারতের গোলায় পাক সামরিকের বাংকার, জ্বালানি ডাম্প এবং লঞ্চ প্যাড ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads