পাইকগাছায় মামলা তুলে নিতে বাদীকে হুমকি

প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত মোকছেদ আলী

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

পাইকগাছায় মামলা তুলে নিতে বাদীকে হুমকি

  • পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
  • প্রকাশিত ২১ ডিসেম্বর, ২০১৮

পাইকগাছায় জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশী প্রতিপক্ষদের বিরুদ্ধে মারধরের মামলা করায় আসামীরা মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে বলে বাদী ও তার পরিবার জানিয়েছে। অপরদিকে ঘটনার দুই সপ্তাহ অতিবাহিত হলেও পুলিশ এখনো পর্যন্ত কোনো আসামীকে গ্রেফতার করতে পারেনি। প্রাপ্ত অভিযোগে জানা গেছে, উপজেলার হরিঢালী ইউনিয়নের মাহমুদকাটী গ্রামের মৃত আব্দুর রহমান গাজীর ছেলে মোকছেদ আলী গাজী গংদের সাথে প্রতিবেশী মৃত কোরমান আলী গাজীর ছেলে পীর আলী গাজী গংদের সাথে বসতবাড়ীর জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এই বিরোধকে কেন্দ্র করে গত ৩ ডিসেম্বর দুপুরে মোকছেদ গাজী নিজদের শিশু গাছের ডাল কাঁটার সময় একটি ডাল প্রতিপক্ষ পীর আলীদের বেড়ার উপর পড়লে তারা অকথ্যভাষায় গালিগালাজ করে। এ সময় প্রতিবাদ করায় প্রতিপক্ষরা মোকছেদ আলী ও তার স্ত্রী শেফালী বেগমকে মারধর করে। এতে মোকছেদ আলী গুরুতর জখম হয়। পরে স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তার অবস্থা আশংকা জনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় মোকছেদের স্ত্রী শেফালী বেগম বাদী হয়ে পীর আলী গাজী, স্ত্রী সরবানু বেগম, ছেলে সাহিদুল গাজী, আব্দুল গাজী ও রশীদ গাজী সহ ৫ জনকে আসামী করে থানায় মামলা করেন।

অপরদিকে পীর আলী গাজী বাদী হয়ে মোকছেদ গাজীদের বিরুদ্ধে অপর একটি কাউন্টার মামলা করেন। এদিকে ঘটনার দুই সপ্তাহ অতিবাহিত হলেও মোকছেদ গাজী পরিবারের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার কোনো আসামীকে পুলিশ এখনো আটক করতে পারেনি বলে অভিযোগ করেছেন মামলার বাদী শেফালী বেগম। বাদী বলেন, ‘মামলার ৫ আসামীর মধ্যে শুনেছি ৪ ও ৫ নং আসামী জামিন নিয়েছে। মুল আসামীদের পুলিশ একদিকে গ্রেফতার করতে পারেনি, অপরদিকে আসামীরা মামলা তুলে নিতে প্রতিনিয়ত আমাদের হুমকি দিচ্ছে’।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মহিউদ্দীন জানান, কয়েকবার অভিযান পরিচালনা করা হয়েছে আসামীরা গাঁ ঢাকা দেওয়ায় এখনো গ্রেফতার করতে পারিনি। তবে আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads