পত্নীতলায় ভটভটি উল্টে ১৭ শিক্ষার্থী আহত

প্রতীকী ছবি

দুর্ঘটনা

পত্নীতলায় ভটভটি উল্টে ১৭ শিক্ষার্থী আহত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১০ জানুয়ারি, ২০২০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যাবর্তন দিবস ও ক্ষণগননা উপলক্ষে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের মোটর শোভাযাত্রায় অংশ গ্রহণ করে বাড়ি ফেরার পথে একটি ভটভটি উল্টে পত্নীতলা উপজেলার মান্দাইন উচ্চ বিদ্যালয়ের ১৭ শিক্ষার্থী আহত হয়েছেন।

গুরুতর আহতরা হলেন- পত্নীতলা উপজেলার রজা পাড়া গ্রামের গোলাম রাব্বানীর ছেলে ও ১০ম শ্রেণীর ছাত্র বেলাল হোসেন (১৬), একই উপজেলার বাদ আ’য়াপুর গ্রামের আবুল খায়েরের ছেলে ও ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র সাজ্জাদ হোসেন (১১) এবং ছোট মহারন্দী গ্রামের গোলাম রাব্বানীর ছেলে ও ৮ম শ্রেণীর ছাত্র রাকিব (১৪)। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার নওগাঁ জেলা সদর থেকে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সহ তার সফর সঙ্গীদের শতাধিক গাড়ি বহর বের হয়ে বদলগাছি উপজেলা ও পত্নীতলা উপজেলা হয়ে সাপাহারে প্রবেশ করে। এসময় অনুমান বেলা ১১টার দিকে পত্নীতলা উপজেলার মান্দাইন উচ্চ বিদ্যালয় সহ আশে পাশের বিভিন্ন বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা মন্ত্রী মহোদয়কে অভ্যর্থনা জানাতে বাঁকরইল এলাকায় মেইন রাস্তায় দাঁড়িয়ে অভ্যর্থনা জানান। এরপর মন্ত্রীর মোটরশোভাযাত্রা সাপাহারের উদ্দেশে চলে গেলে ওই এলাকার বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা গাড়িতে বাড়ি ফিরতে থাকে। এমনই এক সময় মান্দাইন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী ভটভটিটি বিদ্যালয়ে অদূরে টার্নিং ঘুরতে উল্টে যায়।

এসময় ভটভটিতে থাকা শিক্ষার্থীরা গাড়ির নিচে চাপা পড়ে আহত হয়ে পড়ে। দ্রুত এলাকার লোকজন ছুটে এসে গাড়ির নিচ থেকে আহতদের বের করে সাপাহার হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা দিয়ে অনেককে ছেড়ে দিলেও রাকিবকে সাপাহারে রেখে বেলাল হোসেন ও সাজ্জাদকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads