ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ আদালতে নুসরাত জাহান তানিয়া বাদী হয়ে ‘ধর্ষণ ও হত্যার’ অভিযোগে মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে বক্তব্য দিয়েছে বসুন্ধরা গ্রুপ। তাদের দাবি, মামলাটি ষড়যন্ত্রমূলকভাবে সাজানো হয়েছে। বসুন্ধরা গ্রুপকে হেয় প্রতিপন্ন করতে উদ্দেশ্যমূলকভাবে বাদী অবাস্তব, ভিত্তিহীন ও কাল্পনিক তথ্য দিয়ে মামলাটি সাজিয়েছেন। যথাযথ আইনগত প্রক্রিয়ায় বসুন্ধরা গ্রুপ এই ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক মামলা মোকাবিলা করবে।
বাদী ইতিপূর্বে তার বোন মোসারাত জাহান মুনিয়ার অপমৃত্যুর ঘটনায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের নাম জড়িয়ে মিথ্যা মামলা দায়ের করেছিলেন। পুলিশি তদন্তে সে অভিযোগ অসত্য প্রমাণিত হয়েছে, যা তদন্তকারীরা আদালতে প্রতিবেদন দিয়ে জানিয়েছেন। পরে আদালত বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে উক্ত মামলা থেকে অব্যাহতি দেয়। একই নুুসরাত বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানসহ তাঁর পরিবারের সদস্যদের নাম জড়িয়ে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা মামলা দায়ের করেছেন।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, কথিত ধর্ষণ ও হত্যার অভিযোগে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের স্ত্রী আফরোজা বেগম এবং ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের স্ত্রী সাবরিনা সোবহানকে আসামি করা হয়েছে। ধর্ষণ ও হত্যার মতো জঘন্যতম অপরাধের সঙ্গে স্বনামধন্য শিল্পপরিবারের সদস্যদের নাম জড়িয়ে তাদের হেয় প্রতিপন্ন এবং মূলত ব্ল্যাকমেইল করাই এই মামলার প্রধান উদ্দেশ্য। এমন অভিযোগে পিতা, মাতা, সন্তান ও পুত্রবধূকে আসামি করার ঘটনায় স্পষ্টত বোঝা যায়, অভিযোগটি বানোয়াট ও ভিত্তিহীন। এসব ঘটনার সঙ্গে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং তাঁদের পরিবারের কারোরই কোনো সম্পৃক্ততা নেই। অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য দায়েরকৃত মিথ্যা মামলার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বসুন্ধরা গ্রুপ।
সাংবাদিকদের প্রতি বসুন্ধরা গ্রুপ অনুরোধ জানিয়েছে, আপনারা এসব ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থেকে ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য সম্পর্কে সঠিক তথ্য দেশের জনগণের সামনে উপস্থাপন করবেন এটাই আমাদের প্রত্যাশা।





