নিয়োগ বাণিজ্যে জড়িতদের শাস্তি দাবি ছাত্রলীগের

ছবি : বাংলাদেশের খবর

শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়

নিয়োগ বাণিজ্যে জড়িতদের শাস্তি দাবি ছাত্রলীগের

  • ইবি প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ জুন, ২০১৯

সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক নিয়োগ বাণিজ্যের অডিও ফাঁস হওয়ায় জড়িতদের নিয়ে ক্যাম্পাসে চলছে আলোচনা সমালোচনা। এ ঘটনায় সচেতন শিক্ষক-শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে জড়িতদের বিচার দাবি করে আসছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঘটনাটি নিয়ে চলছে কড়া সমালোচনা। বিষয়টি দৃষ্টিগোচর হওয়া মাত্র অবশ্য ব্যবস্থা নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী। তাৎক্ষণিকভাবে নিয়োগ বোর্ড স্থগিত করে ওই দুই শিক্ষককে সাময়িক বহিস্কার করেছে প্রশাসন।

এদিকে সেই ঘটনায় এবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের (স্থগিতকৃত কমিটি) নেতাকর্মীরা।

জানা যায়, ইবি শাখার সভাপতি শাহিনুর রহমান ও সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের নেতৃত্বে আজ শনিবার সকাল ১১টায় ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগ।

দলীয় টেন্ট থেকে শুরু হয়ে মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অনুষদ ভবনের করিডোরে এসে শেষ হয়। পরে ছাত্রলীগের একটি প্রতিনিধি দল উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীর সাথে সাক্ষাত করে। এসময় তারা ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন।

এসময় উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী তাদের আশ্বস্ত করেন। তিনি বলেন, প্রাথমিক প্রমাণ পাওয়ায় দুজনকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করেছি। তদন্ত সাপেক্ষে, এর সাথে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নেয়া হবে। আমরা দায়িত্ব নেয়ার পর থেকেই দূর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছি। কোনভাবেই কোন দূর্নীতিবাজকে ছাড় দেওয়া হবে না।

উল্লেখ্য, গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের নিয়োগ বাণিজ্য সংক্রান্ত দুটি অডিও ক্লিাপ ফাঁস হয়। এতে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক রুহুল আমিন এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক আব্দুর রহিম এক চাকুরি প্রার্থীর সাথে ১৮ লাখ টাকায় চুক্তি করার বিষয়ে কথপোকথন পাওয়া যায়। পরে তাৎক্ষণিকভাবে নিয়োগ বোর্ড স্থগিত করে ওই দুই শিক্ষককে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads