নাঙ্গলকোটে ডাকাতের হামলায় নারীসহ আহত ৭

মানচিত্রে কুমিল্লা

সংগৃহীত ছবি

অপরাধ

নাঙ্গলকোটে ডাকাতের হামলায় নারীসহ আহত ৭

  • খায়রুল আহসান মানিক, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশিত ৫ ডিসেম্বর, ২০১৮

কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের চৌকুড়ি গ্রামে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় চার নারীসহ ৭ জন গুরুতর আহত হয়। আজ বুধবার কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

পুলিশ ও পরিবারিক সূত্র জানায়, মঙ্গলবার গভীর রাতে চৌকুড়ি গ্রামের কাজী অহিদুর রহমানের বাড়িতে ২০-২৫ জনের এক দল সশস্ত্র ডাকাত বাড়ির মূল ফটকের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। ডাকাত দল ঘরের প্রতিটি কক্ষে গিয়ে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের আলমিরাতে রাখা মালামাল লুট করে। এ সময় পরিবারের সদস্যরা চিৎকার করলে তাদেরকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। ডাকাত দলের সদস্যরা বাড়ির পাশ্ববর্তী অপর ৪টি পরিবারের ঘরের সামনে অবস্থান নিয়ে অন্যান্য পরিবারের সদস্যদেরকে গালমন্দ এবং হুমকি-ধমকি দিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে। এ সময় ডাকাত দল অহিদুর রহমানের ঘর থেকে নগদ ৬ লাখ টাকা, ১৮ ভরি স্বর্ণালংকার, ৭টি মোবাইল ফোন সেট ও ৫টি টর্চ লাইটসহ মূল্যবান মালামাল লুটে নেয়। যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।

ডাকাতদের হামলায় আহতরা হলেন, কাজী অহিদুর রহমানের স্ত্রী জাকিয়া বেগম, ছেলে আবুল হাশেম, আবুল কাশেম, নূরুন নবী, মেয়ে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থী লিজা আক্তার, পুত্রবধূ মাহফুজা বেগম ও লিমা বেগম। আহতদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আবুল হাশেমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত আবুল কাশেমের স্ত্রী আকলিমা আক্তার জানান, ডাকাত দল সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে এলোপাতাড়ি কুপিয়ে-পিটিয়ে মালামাল লুট করে নিয়ে যায়। নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads