কুড়িগ্রাম-১ আসনে নির্বাচনী প্রচারনায় ধর্মীয় উষ্কানিমুলক বক্তব্য রাখার অভিযোগে জামায়াত নেতা ও একজন নিকাহ রেজিষ্টারকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে দেড় মাসের কারাদন্ড দেয়া হয়েছে। সাজাপ্রাপ্ত নিকাহ রেজিষ্টারের নাম হাবিবুল হক খন্দকার । তিনি নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের নিকাহ রেজিষ্টার। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে । পরে নাগেশ্বরীর সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল ইমরান তাকে উপরোক্ত সাজা দেন ।
জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম -১ আসনের বিএনপির প্রার্থী সাইফুর রহমান রানার পক্ষে প্রচারনার অংশ হিসাবে ভিতরবন্দের একটি পপথসভায় ওই নিকাহ রেজিষ্টার বলেন, খালেদা জিয়া ও সাঈদীকে মুক্ত করতে হলে নামাজ যেমন ফরজ তেমন ঐক্যফ্রন্টের প্রার্থীদর ভোট দেয়াও ফরজ কাজ । এ সময় তিনি লোকজনকে বলেন, ‘জেলখানায় মাওলানা সাঈদির সঙ্গে নবীজি (সাঃ) ১০ বার স্বপ্নে দেখা করেছেন। তার হাতে প্রায় ১০ হাজার অমুসলিম ইসলাম ধর্ম গ্রহন করেছেন। তার মতো আলেমকে এখন কারাগারে দিন কাটাতে হচ্ছে। খালেদা জিয়া ও সাঈদীকে মুক্ত করতে সারাদেশের ঐক্যফ্রন্টের প্রার্থেিদর ভোট দেয়া এখন ফরজ হয়ে দাড়িয়েছে’। নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল ইমরান জানান, নির্বাচনের আচরন বিধিমালায় ১১-ক ধারা লংঘন করায় তাকে এ সাজা দেয়া হয়েছে ।





