নরসিংদীতে করোনা আক্রান্ত হয়ে আমজাদ হক (৪৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতাল এর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২ জনে। নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।
আমজাদ হক নরসিংদী সদরের ভাগদী এলাকার মৃত আব্দুল হকের ছেলে। তিনি মাধবদীর বাবুরহাটে কাপড়ের ব্যবসা করতেন।
নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, করোনায় আক্রান্ত হলে আমজাদকে জেলা করোনা হাসপাতালের আইসোলেশনে রাখা হয়। পরে তার শ্বাসকষ্ট জটিলতা দেখা দিয়ে তাকে ১৫ এপ্রিল বুধবার ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরো বলেন, জেলায় এই পর্যন্ত ৭৮৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে ১৬৬ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। আর সুস্থ হয়েছে ২১ জন। আর ২ জন ঢাকায় মৃত্যুবরণ করেছে।
আমজাদের শ্যালক মাসুদ বলেন, আমজাদ হোসেন ডায়বেটিস ও কিডনির সমস্যা ছিল। এই সমস্যার কারণে তিনি নিয়মিত ডাক্তারের কাছে যাওয়া আসা করতো। এই যাওয়া আসার পথেই তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়। আমরা দুপুরের পরেই মরদেহ নিয়ে নরসিংদী রওনা দিবো। পরে ্এলাকার সবার সাথে আলোচনা করে তাকে দাফন করা হবে।





