নরসিংদীর রায়পুরার আমিরগঞ্জে এসএ টিভির জেলা প্রতিনিধি সজল ভূইয়াকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সজল ভূইয়াকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন নরসিংদী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ জেলার সাংবাদিক নেতারা। এই ঘটনায় আমিরগঞ্জ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন খান জড়িত এমন অভিযোগ করে করে তারা তাদেরকে গ্রেপ্তার ও বিচার দাবী করেছেন।
আহত এসএ টিভির সাংবাদিক আহত সজল ভূইয়া বলেন, বৃহস্পতিবার ঢাকা থেকে এশিয়ান টেলিভিশনের সিনিয়র রিপোর্টার বাতেন বিপ্লব চাল চুরি, ১০ টাকার চাল বিক্রয় ও কার্ডধারী সুবিধাভূগীদের নিয়ে প্রতিবেদন করার জন্য নরসিংদীতে আসেন। তার সঙ্গে আমার পূর্ব পরিচিত হওয়ায় তাকে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়ার ব্যাপারে সহযোগিতা করছিলাম। বাতেন সন্ধ্যার দিকে আমিরগঞ্জ ইউপি চেয়ারম্যানের সাক্ষাৎকার নিতে যান। সাক্ষাৎকার নিতে পৌঁছালে আমিরগঞ্জ ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন খান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাশার, সাধারণ সম্পাদক শরীফ ও রুবেল, নোয়াব, শহীদসহ প্রায় ২০ জন তাকে ওই রিপোর্টারে গাড়ি থেকে নামিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। পিটিয়ে তাকে রক্তাক্ত জখম করে। পরে ওই রিপোর্টারের সাথে থাকা লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, সাংবাদিকের উপর হামলার ঘটনা জানতে পেরেছি। তবে এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয় হয়নি। আমরা অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।





