শোবিজ

নতুন ভূমিকায় সোহানা সাবা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ৩০ অগাস্ট, ২০১৯

এর আগেও বিচারকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন নন্দিত অভিনেত্রী সোহানা সাবা। তবে এবারই প্রথম অনেক বড় পরিসরে কোনো রিয়েলিটি শোর বিচারক হিসেবে কাজ করছেন তিনি। আর আজ থেকে সোহানা সাবাকে এনটিভির পর্দায় বিচারকের ভূমিকায় দেখা যাবে বলে জানান তিনি।

আজ রাত ১১টা ১৫ মিনিটে এনটিভিতে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় প্রচার হবে ‘পালসার স্টান্ট ম্যানিয়া’ রিয়েলিটি শো, যে রিয়েলিটি শোর অন্যতম কাজ হলো সারা দেশের মধ্যে সেরা বাইকার খুঁজে বের করা। এরই মধ্যে ৮ হাজার জন বাইকার থেকে ৩০ জনকে চূড়ান্ত করা হয়েছে। আর এই ৩০ জনের মধ্য থেকেই ‘স্টান্ট সুপারস্টার’কে খুঁজে বের করবেন সোহানা সাবা।

ভিন্ন ধরনের একটি রিয়েলিটি শোর বিচারক হিসেবে কাজ করা প্রসঙ্গে সোহানা সাবা বলেন,  সত্যি বলতে আমাদের দেশে রিয়েলিটি শোর গণ্ডিটা এখনো গান, নাচ, অভিনয়সহ আরো কিছু ক্ষেত্রের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু বিশ্বের অন্যান্য দেশে রিয়েলিটি শোর বিষয়ের ব্যাপ্তি অনেক বেশি। নানা ধরনের রিয়েলিটি শোর মধ্য দিয়ে অদ্ভুত সব প্রতিভা খুঁজে বের করা হয়। এই রিয়েলিটির শোর মধ্য দিয়ে বাংলাদেশে রিয়েলিটি শোর ধারণা বদলাবে বলেই আমি মনে করি। তাছাড়া একজন বিচারক হিসেবে কাজ করতে গিয়ে বাইকারদের মধ্যে যে চ্যালেঞ্জ আমি দেখছি তা-ও দারুণ উপভোগ করছি। আশা করা যাচ্ছে, আমরা সত্যিকারের আগ্রহী স্ট্যান্ট সুপারস্টারকে এই রিয়েলিটি শোর মধ্য দিয়ে খুঁজে পাব।

সোহানা সাবা জানান এই রিয়েলিটি শোর মধ্যে যিনি চ্যাম্পিয়ন হবেন অর্থাৎ যিনি হবেন ‘স্টান্ট সুপারস্টার’ তিনি পাবেন ১০ লাখ টাকা ও একটি নতুন বাইক। এদিকে সোহানা সাবা ব্যস্ত রয়েছেন দীপ্ত টিভির নিজস্ব প্রযোজনায় নির্মিত দীর্ঘ ধারাবাহিক ‘মধ্যবর্তিনী টু’র কাজ নিয়ে। এর আগে সোহানা সাবা ‘বাংলাদেশি আইডল’-এর অতিথি বিচারক এবং একটি বিউটি কনটেস্ট রিয়েলিটি শোর প্রধান বিচারক হিসেবে কাজ করেছেন। সিনেমায় সোহানা সাবাকে প্রথম দেখা যায় কবরী পরিচালিত ‘আয়না’তে। এরপর তাকে ‘খেলাঘর’, ‘বৃহন্নলা’, ‘প্রিয়তমেষু’, ‘বৃহন্নলা’ সিনেমায় অভিনয় করেন। কলকাতায় তিনি প্রথম অভিনয় করেন অয়ন চক্রবর্তীও ‘ষড়রিপু’ সিনেমায়। কলকাতায় তার দ্বিতীয় সিনেমা হরনাথ চক্রবর্তীর ‘এপার ওপার’।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads