সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের নৌকা ঘাট এলাকা থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় দুই কেজি গাঁজাসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে ধর্মপাশা থানা পুলিশ। আটককৃত মাদক ব্যাবসায়ীরা হলেন পাশের মোহনগঞ্জ উপজেলার পৌর এলাকার দেওথান গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে আবুল বাশার (৪০) ও একই গ্রামের সুর জামালের ছেলে আব্দুল হোসেন (২৫)।
ধর্মপাশা থানার ওসি তদন্ত মো.শফিকুজ্জামান জানান, মোহনগঞ্জ উপজেলার পৌর এলাকার দেওথান গ্রামের আবুল বাশার ও আব্দুল হোসেন নামে দুই ব্যক্তি এলাকায় চিহ্নিত মাদককারবারি হিসেবে পরিচিত। তারা দুইজনই দীর্ঘদিন ধরে ধর্মপাশা উপজেলার বিভিন্ন এলাকায় গোপনে মদ, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যাবসা পরিচালনা করে আসছিল। পাশাপাশি পুলিশও তাদেরকে মাদকসহ আটকের চেষ্টা চালিয়ে আসছিল। এমতাবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ওই দুই মাদককারবারি ধর্মপাশা সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের নৌকা ঘাট এলাকার এক পাশে বসে গোপনে গাঁজা বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে গাঁজাসহ আবুল বাশার ও আব্দুল হোসেনকে আটক করে। ওসি তদন্ত আরো জানান, ওই দিন রাতেই ওই দুই মাদককারবারি নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়েরের পর আজ শুক্রবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।





