দিনাজপুরে র্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব) অভিযান চালিয়ে ৫০ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ মোঃ রুহুল আমীন (৫৮) নামে ১ পল্লী চিকিৎসককে আটক করেছে।
গতকাল শনিবার (১ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুর কোতয়ালী থানার উপশহর ১০নং ব্লক নিজ চেম্বার থেকে এই সাপের বিষসহ পল্লী চিকিৎসককে আটক করা হয়। র্যাব ১৩ সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর সৈয়দ ইমরান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক পল্লী চিকিৎসক মোঃ রুহুল আমীন জেলার বিরামপুর উপজেলার মাহমুদপুর গ্রামের মৃত বসির উদ্দীনের ছেলে।
মেজর সৈয়দ ইমরান হোসেন জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপশহর ১০নং ব্লকের পল্লী চিকিৎসক মোঃ রুহুল আমীনের চেম্বারে অভিযান চালায়। এসময় তার চেম্বার থেকে অবৈধভাবে আমদানিকৃত বাক্সবন্দি অবস্থায় দানাদার, পাউডার ও তরল আকারে প্রস্তুতকৃত সাপের বিষ যার উপরে COBRA S.P MADE IN FRANCE লিখিত ০৬টি জার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৫০ কোটি টাকা। এসময় রুহুল আমীনকে র্যাব সদস্যরা আটক করে।





