ভর্তি ফি, ক্রেডিট ফি, হল ফিসহ আনুষঙ্গিক সকল ফি কমানোর দাবিতে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ও একাডেমিক ভবন অবরোধ করে তৃতীয় দিনের আন্দোলন করেছে।
আজ শুক্রবার (২৯ অক্টোবর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তৃতীয় দিনের আন্দোলন ও অবস্থান কর্মসূচি শুরু হয়। আন্দোলন কর্মসূচির শুরুতে জতীয় সংগীত পরিবেশন ও পরে সম্প্রতি ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাজী মশিউর রহমানের মৃত্যুতে এক মিনিটের নীরবতা পালন করা হয়। দাবি মেনে নিয়ে নোটিশ আকারে প্রকাশ না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
আন্দোলনের মুখে শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসবেন উপাচার্য প্রফেসর ড এ কিউ এম মাহবুব। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হয়ে বলেন, উপাচার্য প্রফেসর ড. এ কিউ এম মাহবুব শুক্রবার দুপুর ৩ টায় আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের সাথে তাদের দাবির বিষয়ে উন্মুক্ত আলোচনা করবেন।
প্রসঙ্গত, গত ২৬ অক্টোবর রাত থেকে পরীক্ষার ফি, ভর্তি ফি, কেন্দ্র ফি কমানোসহ বিভিন্ন দাবিতে প্রশাসনিক ভবনের সামনে আন্দোলন শুরু করে সাধারণ শিক্ষার্থীরা।





