রাজধানী তুরাগের চন্ডালভোগ এলাকায় ঘুড়ি উড়াতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে মোহাম্মদ শান্ত নামের ১২ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। মারাত্মকভাবে আহত হয়েছে শিশুটির মা আনোয়ারা বেগম (৩৮)।
আজ বুধবার বেলা ১২টার দিকে চন্ডালভোগ এলাকায় অনাকাঙ্খিত বৈদ্যুতিক দূর্ঘটনায় এই প্রাণহানি ঘটে। এবং তার মাকে আশঙ্কাজনক অবস্থায় উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের গ্রামের বাড়ী লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলায়। বর্তমানে তারা চন্ডালভোগ মেইন রোডে অবস্থিত ২৮, ইসলাম মঞ্জিলের ভাড়া বাসার ৩য় তলায় গত এক বছর ধরে বসবাস করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পলিথিনে সুতা পেচিয়ে বারান্দায় এসে সেটি উড়ানোর চেষ্টা করছিল সাগর। এ সময় বাড়ির সামনে দিয়ে যাওয়া বিদ্যুতের তারে আটকে যায় পলিথিনটি। স্টিলের পাইপ দিয়ে সেটিকে ছুটাতে গিয়ে হাই-ভোল্টেজের বৈদ্যুতিক তারে আটকে পড়ে সাগর। তার মা আনোয়ারা বেগম সন্তানকে রক্ষা করতে গিয়ে নিজেও দুর্ঘটনার কবলে পরেন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তুরাগ থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও বিদ্যুতের কর্মীরা।
তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো: শহিদুর রহমান বলেন,বুধবার বেলা পৌনে ১২টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনায় নিহত শিশু শান্তর মরদেহ উদ্বার করে পুলিশের কাছে হস্তান্তর করে। তিনি আরো জানান সুরতহাল রিপোর্ট শেষে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে প্রেরন করা হবে।





