শোবিজ

তিন পরিচয়ে মেহজাবিন

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১ মার্চ, ২০২০

নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন। অভিনেত্রীর বাইরে প্রথমবারের মতো নাটকের গল্প লিখছেন তিনি। পাশাপাশি চিত্রনাট্যও করেছেন। নাটকের নাম ‘থার্ড আই’। এটি পরিচালনা করেছেন শ্রাবণী ফেরদৌস।

গেল ২৬ ও ২৭ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরা ও বনানীতে নাটকটির শুটিং শেষ হয়। নাটকের গল্প লেখার পাশাপাশি এতে মূল চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন নিজেই। নাটকটিতে মেহজাবিনকে দেখা যাবে একজন নারী বিক্রয়কর্মীর চরিত্রে।

মেহজাবীন বলেন, একজন নারী হিসেবে আমি সবসময়ই সচেতন থাকি। আর এই গল্প ভাবনাটা আমার মাথায় এসেছে আরো কয়েক বছর আগেই। বিভিন্ন সময় আমরা যখন শপিং করতে যাই, তখন নানারকম তিক্ত অভিজ্ঞতার অনেক ঘটনাই শুনেছি। সেজন্য আমি কখনো শপিং করতে গেলে বা শুটিংয়ের জন্য হলেও কোনো চেঞ্জিং রুমে ড্রেস চেঞ্জ করতে ইচ্ছুক নয়। প্রয়োজনে সেটা আমার গাড়িতে করব, না হলে অন্য কোথাও না। এমন ভাবনাটা সবসময় আমার মাথায় কাজ করত। এবার সেই ভাবনাটাকে নিয়েই একটা গল্প সাজিয়েছি।

প্রথমবার নাটকের গল্প লেখা প্রসঙ্গে তিনি বলেন, এটাই আমার প্রথম লেখা নাটক। নিজের সচেতনতার ভাবনাটাকে গুরুত্ব দিয়েই এটা লেখা। আমরা আমাদের পারিপার্শ্বিক অবস্থা, চলাফেরা থেকেই অনেক গল্প খুঁজে পাই। সামনে যদি সেরকম সুযোগ হয় তাহলে হয়তো মাঝেমাঝেই লেখার চেষ্টা করব।

এদিকে নাটকটি প্রসঙ্গে নির্মাতা শ্রাবণী ফেরদৌস বলেন, নারীরা যেন এখন কোথাও নিরাপদ না। হোক সেটা রাস্তায় কিংবা শপিংমলে। শপিং মলে নারীদের পোশাক চেঞ্জ করাটাও এখন খুব ঝুঁকিপূর্ণ। এমনই বিষয় নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘থার্ড আই’। গেল বছরেও নারী দিবসের নাটক নির্মাণ করেছিলাম, সেটি বেশ প্রশংসিত হয়েছিল। এবার যখন একই প্রজেক্ট পেলাম তখন মেহজাবিনের সঙ্গে আলাপকালে সে তার পছন্দের একটি গল্প শেয়ার করে। গল্প শুনে মনে হলো, এরকম সচেতনতাটা আমাদের মধ্যে সবসময় থাকা দরকার। সেই জায়গা থেকে তার গল্প নিয়েই কাজটা করেছি।

নারী দিবস উপলক্ষে নির্মিত এই নাটকটিতে মেহজাবীন ছাড়াও আরও অভিনয় করেছেন মনির খান শিমুল, আবির মির্জা প্রমুখ। আগামী ৮ মার্চ নাটকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচারিত হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads