রাজধানীতে মৌসুমের কালবৈশাখী ঝড়ে নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয় ঝড়। ঝড়ের তাণ্ডব চলে প্রায় ২০ মিনিটের মতো।
ঝড়ের সময় পুরানা পল্টন ও পশ্চিম শেওড়াপাড়া এলাকায় ভবন থেকে ইট পড়ে দুজন নিহত হন। পল্টনে নিহত ব্যক্তির নাম মো. হানিফ। তিনি পেশায় চায়ের দোকানদার। পশ্চিম শেওড়াপাড়ায় নিহত ব্যক্তিটি পিকআপ ভ্যানের চালক। তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। আর ঝড়ের পর সংসদ ভবন এলাকায় গাছের ডাল চাপা পড়ে মারা যান এক নারী।
শেরে বাংলা নগর থানার ওসি জান-ই-আলম মুন্সি জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লেক রোডে একটি গাছ ওই নারীর ওপর ভেঙে পড়লে তিনি নিহত হন।
পল্টন থানার এসআই মো. সুজন জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে একটি নির্মাণাধীন ভবনের ওপর থেকে কয়েকটি ইট চা দোকানদারের ওপর পড়ে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে ৬টা ৫০ মিনিটের দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, মৌসুমের প্রথম গ্রীষ্মমণ্ডলীয় ঝড়টি রাজধানীতে সোয়া ৬টায় আঘাত হানে এবং এটি কয়েক মিনিট স্থায়ী ছিল।
আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, ঝড়ের সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৭৪ কিলোমিটার এবং এসময় ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
আগামী দুই দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।





