জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও ড. কামাল হোসেনের ওপর হামলার তদন্ত করে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সিইসি বলেন, ‘ড. কামালের ওপর হামলাকারীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনা খুবই দুঃখজনক। তিনি একজন সিনিয়র সিটিজেন, প্রখ্যাত লোক। এটা কাম্য নয়। তার ওপর হামলার ঘটনায় ফৌজদারী অপরাধ হয়েছে। যেভাবে ব্যবস্থা হওয়ার, সেভাবে হবে। এতে ঐক্যফ্রন্ট একটি আবেদনও করেছে। আমরা নির্বাচনী তদন্ত কমিটির কাছে বিষয়টি পাঠাচ্ছি।’
গতকাল শুক্রবার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বের হওয়ার সময় ড. কামালের গাড়িবহরে হামলা করে দুর্বৃত্তরা।
ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে বিএনপি ও ঐক্যফ্রন্ট।
আজ দুপুরে এ ঘটনার বিচার চেয়ে ইসিতে চিঠি নিয়ে যান বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। এ জন্যই এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন সিইসি।





