ডাকযোগে বিদেশে ইয়াবা!

প্রতীকী ছবি

অপরাধ

ডাকযোগে বিদেশে ইয়াবা!

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১০ ডিসেম্বর, ২০২০

দেশের গণ্ডি পেরিয়ে এবার ডাকযোগে যুক্তরাষ্ট্রে ইয়াবা পাচার হচ্ছে। পোস্ট অফিসের মাধ্যমে পার্সেলযোগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইয়াবা পাচারের ঘটনায় চার মাদকবিক্রেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানা পুলিশ।

আটকদের দেওয়া তথ্য অনুযায়ী তাৎক্ষণিকভাবে রাজধানীর গুলিস্তানের জিপিওতে সহায়তা চায় পুলিশ। সেখানকার কর্মকর্তাদের সহায়তায় পার্সেলটি খুঁজে বের করা হয়। ফলে দেশে থাকতেই বিপুল পরিমাণ ইয়াবার চালানটি আটকে দেওয়া সম্ভব হয়।

অরিন মাহজাবিন নামে যুক্তরাষ্ট্রের একজনের কাছে ইয়াবার পার্সেলটি পাঠানো হচ্ছিল। প্রাপকের বিষয়ে প্রাথমিকভাবে এর চেয়ে বেশি কিছু জানা যায়নি। এর আগেও একবার পোস্ট অফিসের মাধ্যমে নিউইয়র্কে ইয়াবা পাচারের তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় গ্রেপ্তাররা হলেন নাহিদ পারভেজ তাহিন (৩৭), মিজানুর রহমান জুয়েল (৩৮), এনাম হোসেন খান রাহাত (৪০) ও রাজিব হাওলাদার (২৮)। গত রোববার খিলগাঁও থানার বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সে সময় তাৎক্ষণিকভাবে তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরদিন সোমবার খিলগাঁও থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে নেওয়া হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার চারজন সম্প্রতি কক্সবাজার থেকে এসএ পরিবহনের মাধ্যমে পার্সেল আকারে আসা ইয়াবার চালানটি সংগ্রহ করেন। এরপর ইয়াবার চালানটি নিউইয়র্কে পাঠানোর উদ্দেশে জিপিওতে জমা দেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জিপিও কর্তৃপক্ষের সহযোগিতায় ওই পার্সেলটি শনাক্ত করা হয়।

জিপিও কর্তৃপক্ষের উপস্থিতিতে পার্সেলটি খোলা হয়। দেখা যায়, দুটি জিন্স প্যান্টের কোমরের ফাঁকা জায়গায় এবং লেগ হোলের সেলাইয়ের ভেতর ফাঁকা জায়গায় পলিথিন দিয়ে অভিনব পন্থায় প্যাকিং করা ৬৮টি স্ট্রাইক পাওয়া যায়। সেখানে মোট ২ হাজার ৪০ পিস ইয়াবা ছিল।

গত মঙ্গলবার মামলার তদারকি কর্মকর্তা খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) জুলফিকার আলী জানান, বনশ্রী এলাকায় কয়েকজন মাদকবিক্রেতা অবস্থান করছেন-এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে নিউইয়র্কে পার্সেলযোগে ইয়াবা পাচারের তথ্য বেরিয়ে আসে।

এর আগে গত ৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের একই ঠিকানায় আরো একটি ইয়াবার চালান পাঠানো হয়েছিল বলে আমরা জানতে পেরেছি। কিন্তু পার্সেলটি রিসিভারের হাতে পৌঁছেছে কি না তা নিশ্চিত হতে পারিনি। তারা এর আগে ঠিক কতটি চালান পাঠিয়েছিল এবং এ সিন্ডিকেটে অর্থ লগ্নিকারী এবং পৃষ্ঠপোষকদের বিষয়ে যাবতীয় তথ্য সংগ্রহের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads