যুবলীগ নেতা হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলায় টাঙ্গাইল পৌরসভার ১৭ নং কাউন্সিলর আতিকুর রহমান মোর্শেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুর পৌনে দুইটার দিকে টাঙ্গাইল পৌরসভার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তার বাসায় অভিযান চালিয়ে দুইটি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।
টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আতিকুর রহমান মোর্শেদের বিরুদ্ধে ২০১২ সাল থেকে এ পর্যন্ত ১০টি মামলা রয়েছে। এর মধ্যে যুবলীগের দুই নেতাসহ বেশ কয়েকজনকে হত্যা, পৌরসভার মেয়রকে মারপিট, ধর্ষনের চেষ্টা ও চাঁদাবাজি উল্লেখ্যযোগ্য।
তিনি আরও বলেন, আজ বৃহস্পতিবার সকালে তার বিরুদ্ধে পাঁচ লাখ টাকার চাঁদাবাজির মামলা করেন এক যুবক। এরপরই পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে তার বিশ্বাস বেতকা বাসায় দ্বিতীয় তলা বাসায় অভিযান চালিয়ে ফলস ছাদে কম্বলের ভেতরে লুকিয়ে রাখা একটি নাইন এমএম ও একটি ৬.৬২ পিস্তল, ছয় রাউন্ড গুলি এবং দুইটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
তিনি এ সময় বলেন, যেহেতু তিনি বর্তমানে কাউন্সিল তাই এ অভিযান যেনো প্রশ্নবিদ্ধ না হয় তাই নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান পরিচালনা করা হয়।





