ময়মনসিংহের ফুলপুর পৌরসভার ৮ ও ৯নং ওয়ার্ডের বাসিন্দারা জলাবদ্ধতায় নাকাল হয়ে পড়েছেন। তাদের প্রায় প্রতিটি রাস্তা ডুবে গেছে। কারো কারো ঘরে পানি উঠে পড়েছে। শিশুরা খাটের উপর থেকে নামতে পারছে না। কাদা ও ময়লাযুক্ত পানি মাড়িয়েই মহিলাদেরকে রান্না বান্নার কাজ চালিয়ে যেতে হচ্ছে। গরু বাছুর ও হাঁস মুরগি নিয়ে মহাসমস্যায় রয়েছেন কৃষকরা। এসব এলাকায় ড্রেন না থাকায় অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় পথঘাট। তখন চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়।
৮নং ওয়ার্ডের বিসমিল্লাহ রোড, মমিন আলী রোড, নূর আলী রোড ও অন্যান্য রোডের বাসিন্দা আশরাফ আলী, সাবেদ ভুইয়া, তুলা মিয়া, বাবুল মিয়া, শহিদুল ইসলাম, সোহাগ, আবুল হাশেম, আব্দুর রশিদ, ফরহাদ মিয়া, হজরত আলী, জহিরুল মন্ডল, উদয় বাবু, আব্দুল আলিম, রাসেল, মাসউদ, ইকবাল, লিটন, রোকেয়া খাতুন ও আব্দুস সালাম জানান, তারা খুব বিপদে আছেন। বাচ্চাদের নিয়ে বের হতে পারছেন না। ঘর সামনে পানি। রান্না বান্না করাও মুশকিল হয়ে পড়েছে।
তারা আরো জানান, একটু বৃষ্টি হলেই তাদের ঘরে পানি উঠে পড়ে। পানির সাথে সাপ আসে। ব্যাঙ আর পোকা মাকড় তো আসেই। এই পানি তাড়াতাড়ি সরেও না। কারণ, ড্রেন নাই। তারা জরুরিভিত্তিতে ওই এলাকায় ড্রেন ও রাস্তার দাবি জানান।
৯নং ওয়ার্ডের শাপলা রোডের বাসিন্দা জিয়াউর রহমান পান্না বলেন, আমরা আমুয়াকান্দা শাপলা রোডের বাসিন্দারা সীমাহীন দুর্ভোগে আছি। এখানে আমুয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ প্রায় ৫০টি পরিবার জলাবদ্ধতার শিকার। ড্রেন ও রাস্তা না থাকায় আমাদের কষ্টের আর সীমা নাই। আমরা শাপলা রোডের বাসিন্দারা ড্রেন ও রাস্তা চাই। এ ব্যাপারে জানতে চাইলে মেয়র আমিনুল হক বলেন, আস্তে আস্তে সবই হবে। আপাতত: টাকা নেই। টাকা আসলে করে দিতে পারব।





