জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের দুই কর্মীকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে পুরান ঢাকার ধুপখোলা মাঠের পাশে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- জবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেলের কর্মী গণিত বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শাহরিয়ার রহমান শান্ত (বহিষ্কৃত), এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নিক্সন।
গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল বলেন, ধুপখোলা মাঠের পাশে গেন্ডারিয়া থানা পুলিশের এস আই আশরাফের নেতৃত্বে টহল পুলিশ সন্দেহজনক শান্ত, নিক্সনকে তল্লাশি করলে তাদের কাছে সাত পিস ইয়াবা পাওয়া যায়। তাদেরকে থানায় নিয়ে আসার সময় একজন (আসাদুজ্জামান রুবেল) তাদেরকে ছাড়ানোর জন্য সুপারিশ করতে আসলে তাকেও থানায় নিয়ে আসা হয়। নিক্সন ও শান্ত দুজনই ইয়াবায় আসক্ত । তবে রুবেল ইয়াবার সঙ্গে সম্পৃক্ত না থাকায় তার বাবা-মাকে ডেকে এনে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে কথা হয়েছে এবং আটককৃত দুই জনের নামে মাদকদ্রব্য আইনে মামলা দেয়া হয়েছে বলেও তিনি জানান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মদ বলেন, আমি বিষয়টি জেনেছি, পুলিশকে বলেছি আইনানুগ ব্যবস্থ্যা নিতে।
জবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেল বলেন, সংঘর্ষের ঘটনায় শান্তকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। আর নিক্সনকে আমি চিনি না, সে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত নয়।





