ছাত্রদলের নতুন কমিটির কার্যক্রম স্থগিতের নির্দেশ

সংগৃহীত ছবি

শিক্ষা

ছাত্রদলের নতুন কমিটির কার্যক্রম স্থগিতের নির্দেশ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৩ সেপ্টেম্বর, ২০১৯

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবনির্বাচিত কমিটির সব কার্যক্রমের ওপর অন্তবর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন আদালত। এর পাশাপাশি ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন শ্যামলকে আগামী সাতদিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।

আজ সোমবার বিকেলে ঢাকার চতুর্থ সহকারী জজ নুসরাত সাহারা বীথি এক আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

সম্প্রতি ষষ্ঠ কাউন্সিলের মাধ্যমে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাড়িতে ছাত্রদলের কমিটি নির্বাচনে ভোটাভুটির আয়োজন করা হয়। এতে নয়জন সভাপতি প্রার্থী এবং ১৯ জন প্রার্থী সাধারণ সম্পাদক পদে লড়াই করেন।

হাড্ডাহাড্ডি লড়াইয়ে সভাপতি পদে বিজয় হন ফজলুর রহমান খোকন এবং সাধারণ সম্পাদক হন ইকবাল হোসেন শ্যামল। মধ্যরাতে ভোটগ্রহণ শেষ হওয়ার পর গণনা শেষে ভোরে ফল ঘোষণা করেন মির্জা আব্বাস।

সভাপতি পদে ফজলুর রহমান খোকন পেয়েছেন ১৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ পেয়েছেন ১৭৮ ভোট। আর সাধারণ সম্পাদক পদে শ্যামল পেয়েছেন ১৩৯ ভোট। তার নিকতম প্রতিদ্বন্দ্বী জাকিরুল ইসলামের ভোট ৭৪।

উল্লেখ্য, গত ৩ জুন ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দেয় বিএনপি। এরপর ১৪ সেপ্টেম্বর কাউন্সিলের দিন ঠিক করে প্রস্তুতি নেয় সংগঠনটি। এসময় ছাত্রদলের এক নেতার আবেদনে আদালতের স্থগিতাদেশ আসে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads