নড়াইল প্রতিনিধি:
নড়াইল পৌরসভায় উজিরপুর এলাকায় বন্ধুদের সাথে চিত্রা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ কিশোর আসমাউল মীরের (১৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে নিখোঁজের এলাকা থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে সদর উপজেলার আউড়িয়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় । মঙ্গলবার (২৫ জুন) দুপুরে নড়াইল পৌরসভার উজিরপুর এলাকার চিত্রা নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ হয় সে। আসমাউল মীর নড়াইল পৌরসভার উজিরপুর গ্রামের বিল্লাল মীরের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে দুই বন্ধুর সঙ্গে আসমাউল মীর চিত্রা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন নড়াইল ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে সংবাদ দেয়। তারা এসে উদ্ধার কার্যক্রম শুরু করে । বুধবার সকালে ডুবুরী দল নিখোজ কিশোরকে আউড়িয়া এলাকা থেকে উদ্ধার করে।
নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মাসুদ রানা বলেন, মঙ্গলবার দুপুরে ওই কিশোর নদীতে ডুবে নিখোঁজ হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। পরে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তারা একটানা অভিযান চালায়। বুধবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে ওই কিশোরের লাশ ভেসে উঠলে স্থানীয়রা সেটি উদ্ধার করেন।





