গোয়ালন্দ উপজেলার উজানচর মরাপদ্মা নদীতে ডুবে রাশিদুল ইসলাম (৩৪) নামের এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাটি ঘটে।
রাশিদুল ইসলাম রাজবাড়ীর পাংশা উপজেলার কসবা মাঝাইল ইউনিয়নের দিঘম হাট গ্রামের বাসিন্দা মো. শুকুর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার রাশিদুল কাজের সন্ধানে এসে গোয়ালন্দ পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা কৃষক সিদ্দিকুর রহমানে বাড়ীতে কাজ পায়। সিদ্দিক রাশিদুলসহ আরো দুইজনকে দিয়ে বাড়ীর সামনে মরাপদ্মা নদীর ওপারে পাট ধোয়াচ্ছিলেন। সারাদিন পানিতে পাট ধোয়া শেষে ৩ জন নদী পারের উদ্দেশ্যে সাঁতার দেয়। সঙ্গে থাকা দুইজন দ্রুত সাঁতরে নদী পার হয়ে গেলেও রাশিদুল পিছনে পড়ে যায়। এক পর্যায়ে এসে সে সাতরাতে না পেরে ডুবে যেতে থাকলে অপর দুইজন নৌকা নিয়ে এসে তাকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু ততক্ষণে সে নদীতে নিখোঁজ হয়ে যায়। পরে গোয়ালন্দ ফায়ার সার্র্ভিস স্টেশনে খবর দেয়া হলে তাদের একটি দল এসে স্থানীয়দের সহযোগিতায় রাশিদুলের মৃত দেহ উদ্ধার করে।
এ বিষয়ে স্থানীয় পৌর কাউন্সিলর নাসিরউদ্দিন রণি জানান, রাশিদুল ফুলপ্যান্ট পরিহিত ছিল। প্যান্টের মধ্যে পানি ঢুকে ভারী হয়ে যাওয়ায় হয়তো সে স্বাভাবিকভাবে সাতরাতে পারেনি। রাতেই তার পরিবারের লোকজন এসে লাশ নিয়ে যায়। সংসারে তার বয়স্ক বাবা-মা, স্ত্রী ও একটি শিশু সন্তান রয়েছে। তার মৃত্যুতে ওই পরিবারটি অসহায় হয়ে গেল।





