‘একটা গোপন কথা ছিল বলবার, দমন ভালো নেই’ কিংবা ‘বন্ধু ভাবো কি’র মতো অসংখ্য জনপ্রিয় গান যার দখলে, তিনি তপু। কণ্ঠশিল্পী তপুকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। শুধু তরুণ প্রজন্ম নয়, সববয়সি মানুষের কাছেই সমান জনপ্রিয় তিনি। তার মতো করে গান গাইতে পারা কিংবা তার মতো করে ভাবার স্বপ্ন অনেকেরই। যে ছেলেটি বা মেয়েটি তার মনের মানুষকে মনের কথা বলতে পারছে না, সে হয়তো মনের মানুষটিকে শুনিয়ে দিল তপুর সেই গান, এত ভেবে কী হবে।
নতুন খবর হলো, আসছে সংগীতশিল্পী তপুর নতুন গান। এর শিরোনাম ‘পৃথিবী ঘুমাক’। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির কথা ও সুর করেছেন শিল্পী নিজেই।
আর সংগীতায়োজনে আছেন রাফা। আগামী ১০ ফেব্রুয়ারি গানটি ইউটিউবে অবমুক্ত হবে। ফলে তপুভক্তদের অপেক্ষা শেষ হচ্ছে। আড়াই বছর পর আসছে তার নতুন গান।
‘এক পায়ে নূপুর’খ্যাত এই সংগীতশিল্পী বললেন, ‘করোনার সময় আমরা প্রায় সবাই ঘরবন্দি ছিলাম। ওই সময় অনুভব করলাম, আমরা পৃথিবীকে দিইনি কিছুই। শুধু তো নিয়েই গেলাম। এমন ভাবনা থেকেই গানের কথাগুলো তৈরি। আর শ্রোতারা আমার কাছে যে ধরনের মেলোডিপ্রধান গান শুনতে চান, এটি তেমনই। তবে এর ভিডিওতে ভিন্নতা আনা হয়েছে। পিনু রহমানের স্থিরচিত্র দিয়ে এনিমেশন করা হয়েছে। এতে আমার সঙ্গে কোরাস গেয়েছেন রাফা।’
জানা যায়, আগামী ১০ ফেব্রুয়ারি ‘পৃথিবী ঘুমাক’ গানটি প্রকাশিত হবে জি-সিরিজ ও রাফার ইউটিউব চ্যানেলে।
এদিকে তপু জানালেন, শুধু এটিই নয়, আরো কয়েকটি গানের কাজ ‘ঘরবন্দি’ সময়ে তিনি করেছেন, যা ধীরে ধীরে প্রকাশের পরিকল্পনা করছেন এই শিল্পী।





