গানই যার জীবন। সুরের মাঝে ডুবে কাটে যার প্রতিদিন, প্রতিবেলা। সেই কিংবদন্তি সুরকার আলাউদ্দিন আলী অসুস্থ হয়ে হাসপাতালের বেডে শুয়ে কাটিয়েছেন অনেক দিন। সম্প্রতি কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। গানকে ছেড়ে আর কত দিন দূরে থাকা যায়!
খুশির খবর হলো, দীর্ঘ ৯ মাস পর আলাউদ্দিন আলী আবারো গানে ফিরেছেন। গত মঙ্গলবার ফোয়াদ নাসের বাবুর স্টুডিওতে হাজির হন তিনি। বিষয়টি জানালেন, আলাউদ্দিন আলীর সহকারী কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস।
একটি দেশের গানের রেকর্ডিং করেছেন আলাউদ্দিন আলী। ‘মুক্তিযুদ্ধ চেতনায় দীপ্ত, পিতার পতাকা হাতে’ এমনই কথার গানটি লিখেছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। প্রয়াত কবির লেখা এ গানটির সুর করেছেন আলাউদ্দিন আলী। আর গানটির সংগীতায়োজন করেছেন ফোয়াদ নাসের বাবু। গানটিতে কণ্ঠ দিয়েছেন ফারজানা আলী মিমি।
মোমিন বিশ্বাস বলেন, ‘স্যার অনেক দিন আগেই গানটির সুর করেছিলেন। অল্প কিছু কাজ বাকি ছিল সেটা শেষ করে গতকাল বুধবার গানটি রেকর্ড করেছেন। শিগগিরই গানটি প্রকাশ হবে।’
মোমিন বিশ্বাস আরো বলেন, ‘আলাউদ্দিন আলী স্যারকে অনেক দিন পরে আমরা স্টুডিওতে পেলাম। স্টুডিওতে ঢোকার সঙ্গে সঙ্গেই উনার চোখমুখে হাসি ছিল। আবেগে আমাদেরও চোখ ভিজে আসছিল। উনার ৪০-৪৫ বছরের সঙ্গী, আরেক গুণীজন ফোয়াদ নাসের বাবু ভাইকে সেই আগের মতোই গাইড করছিলেন।’ নতুন এই গানে কণ্ঠ দিয়েছেন আলাউদ্দিন আলীর স্ত্রী সংগীতশিল্পী ফারজানা আলী মিমি।





