আসছে শীত। কদিন পরেই বাড়বে শীতের তীব্রতা। পৌষ মাঘের শীতের মাঝে অসহায় দরিদ্র মানুষেরা ভীষন কষ্ট করে। শীতে শিশু বৃদ্ধরা থাকে চরম কষ্টে। এমনি শীতের কষ্টের কথা চিন্তা করে এক মহৎ উদ্যোগ নিয়েছে গাজীপুরের শ্রীপুরের শিক্ষক সমাজ।
উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি তাদের নিজস্ব অর্থায়নে অসহায় গরীব অতি দরিদ্র শিক্ষার্থীদের জন্য শীতের গরম কাপড় বিতরণ করছেন বাড়ি বাড়ি গিয়ে। এরই মধ্যে অতি দরিদ্রদের খোঁজ নিয়ে বাড়িতে গিয়ে শীতের কাপড় বিতরণ করা শুরু করছেন। এ সময় শিক্ষার্থীদের বাড়িতে থাকা অতি বৃদ্ধ নারী পুরুষদের মাঝেও সাধ্যমত শীত বস্ত্র দেওয়ার প্রস্তুতি নিয়েছেন এ শিক্ষক সমিতি। শিক্ষকদের এমন মানবিক মহৎ কাজের জন্য সাধারন মানুষের প্রশংসা কুড়িয়েছেন শিক্ষকরা। তারা বলেন, এ কর্মের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মানবিক হওয়ার শিক্ষা দেওয়া হচ্ছে। যা তাদের আগামীতে মানুষের পাশে থাকার শিক্ষা ও মানবিক হতে শিক্ষা দিবে।
শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মেজবাহ উদ্দীনের নেতৃত্ব শীত বস্ত্র বিতরণ চলবে বেশ কদিন। তীব্র শীত পড়ার আগেই গরীব অসহায় শিক্ষার্থীদের মাঝে শীতের গরম কাপড় পৌঁছে দিতে কাজ করছেন শিক্ষক সমিতির সদস্যরা।
শ্রীপুর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সাধারন সম্পাদক লুৎফর রহমান ফরহাদ জানান, শীতের আগেই আমরা শিক্ষকরা সমিতির পক্ষ থেকে এমন একটি মানবিক কাজ করতে সিদ্ধান্ত নেই। পরে সবাই পরার্মশ করে অর্থের বিষয়টি নিশ্চিত করে কাজ শুরু করি।
তিনি বলেন আমরা বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকার সহযোগিতায় অসহায় দরিদ্রদের খোঁজ নিয়ে শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে শীতের কাপড় বিতরণ করছি। তিনি বলেন, মহামারি করোনাকালে মানুষ এমনিতে নানা কষ্টে আছেন। দরিদ্র পরিবার তাদের সন্তানদের খাদ্য যোগারেই হিমশিম খাচ্ছে। অর্থ সংকটে শিশুদের শীতের জামা কিনে দিতে পারছে না। তাই শিশু শিক্ষার্থীদের শীত নিবারনে এ উদ্যোগ নিয়েছি।
পুর্ব নিজমাওনা স্কুলের শিক্ষার্থী রাকিব হাসান ও ফালু মিয়া জানান, এ শীতে স্যারতের কাছ থেকে শীতের পোশাক পেয়ে তারা দারুন খুশি। শিক্ষার্থীদের পরিবারের সদস্যরাও এমন মহৎ মানবিক কাজের জন্য শিক্ষকদের প্রশংসা করেন।
পুর্ব নিজ মাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কোহিনুর আক্তার ডেইজি বলেন, অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। শিক্ষার্থীদের সব বিষয়ে তীক্ষ্ন নজর রাখা শিক্ষকদের আলাদা দায়িত্বও বটে। এমনি মানবিক কাজ শিক্ষার্থীদেরও মানবিক হতে শিক্ষা দিবে।
শ্রীপুর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মেজবাহ উদ্দীন জানান, আমাদের শিক্ষক সমিতির পক্ষ থেকে সকল শিক্ষকদের মিলিত নিজস্ব অর্থায়নে ধাপে ধাপে গরীব অসহায় শিক্ষার্থীদের মাঝে শীতের কাপড় বিতরণ করবো। তিনি বলেন খোঁজ নিয়ে শিক্ষার্থীদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের পোশাক পৌঁছে দেওয়া হবে।
তিনি আরো বলেন, এ সময় শিক্ষার্থীদের কোনো বৃদ্ধ স্বজন (দাদা,দাদি, নানা,নানি) থাকলে তাদেরও শীত বস্ত্র দেওয়া হবে। অসহায়ের পাশে থাকা অনেক বড় পুণ্যের কাজ। তিনি সমাজের বিত্তবানদের সাধ্যমত এ শীতে দুস্তদের পাশে দাঁড়াতে আহবান করেন।





