আশিকুর রহমান মিঠু, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
আবারও তীব্র গরমে ব্রাহ্মণবাড়িয়ায় রেল লাইন বাঁকা হয়েছে গেছে। শনিবার (২৯ এপ্রিল) বেলা সকাল সাড়ে ১০টার দিকে শহরের দাড়িয়াপুর এলাকায় রেল লাইনটি ফের বাঁকা হওয়ার খবর পায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার।
এর আগে, বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বেলা একটার দিকে একই তীব্র গরমে একই স্থানের রেল লাইন বাঁকা হয়ে মালবাহী ট্রেনের ৭টি বহি লাইনচ্যুত হয়। তবে একটি লাইনে আপ-ডাউন ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। দীর্ঘ ৩০ ঘন্টা চেষ্টার শুক্রবার বিকেল সাড়ে ৪টায় লাইনচ্যুত হওয়া বগি গুলো উদ্ধার করে মেরামতের পর ঢাকাগামী লাইনটি দিয়ে ট্রেন চলাচল করে।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, লাইনচ্যুত বগি গুলো উদ্ধারের পর শুক্রবার বিকেল থেকে ঢাকাগামী লাইনটি মেরামত করা হয়। পরে এই লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। আজ শনিবার সকাল পৌনে ১০টায়ও এই লাইন দিয়ে উপকূল এক্সপ্রেস ট্রেন ঢাকায় গিয়েছে। এরপর সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়েছি, তীব্র গরমে সেই লাইনটি ফের বাঁকা হয়ে গেছে। আপাতত বাঁকা হয়ে যাওয়া লাইন দিয়ে ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে এক লাইনেই আপ-ডাউন ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে।





