আদালতের নির্দেশ ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতির পরেও দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার সুচিকিৎসার বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি।
আজ বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছিলেন কারাবন্দি খালেদা জিয়াকে শিগগিরই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করে সুচিকিৎসার ব্যবস্থা করা হবে। এর আগে নিম্ন আদালত হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী খালেদা জিয়াকে সুচিকিৎসা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।’
‘এরপর তিন দিন চলে গেছে, কিন্তু কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। আদালতের নির্দেশ ও মন্ত্রীর প্রতিশ্রুতি এখনও কার্যকর হয়নি। আমরা আমাদের নেত্রীর (খালেদা) শারীরিক অবস্থা নিয়ে প্রতিটি মুহূর্ত গভীর উদ্বেগ-উৎকণ্ঠায় পার করছি,’ বলেন তিনি।
হগত মঙ্গলবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের একটি প্রতিনিধিদল খালেদা জিয়ার সুচিকিৎসার বিষয়ে কথা বলতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
বৈঠকের পর সাংবাদিকদের ফখরুল জানান, বিএনপি প্রধানের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার বিষয়ে মন্ত্রী তাদের আশ্বস্ত করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রীও সাংবাদিকদের জানান, মেডিকেল বোর্ডের নির্দেশনা অনুযায়ী শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার জন্য খুব শিগগিরই খালেদা জিয়াকে বিএসএমএমইউতে নেয়া হবে।
বিএনপি চেয়ারপার্সনের বয়স এবং গুরুতর অসুস্থতার কথা বিবেচনা করে তাকে কারামুক্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান রিজভী।
এছাড়া খালেদাকে কোনো বিশেষায়িত হাসপাতালে সুচিকিৎসার অনুমতি দিতে তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।





