কাউখালীতে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
আজ রোববার (১৮ এপ্রিল ) সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, অর্ধশত ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হয়েছে এবং প্রতিদিন গড়ে ৩০-৪০ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
গত এক সপ্তাহে উপজেলার বিভিন্ন অঞ্চলে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে কয়েকশত মানুষ। উপজেলা হাসপাতাল ও ক্লিনিকে তিল ধরণের ঠাই নেই ডায়রিয়ার রোগী রাখার। হাসপাতালের মেঝে, বারান্দাসহ যে যেখানে যেভাবে পারছেন ডায়রিয়া রোগের চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালে খাবার স্যালাইন থাকলেও আইভি স্যালাইনের তীব্র সংকট দেখা দিয়েছে। যেখানে একটি রোগীর ৭ থেকে ৮টি আইভি স্যালাইন প্রয়োজন সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ মাত্র ২/৩টি স্যালাইন দিয়ে বাকী স্যালাইন বাহির থেকে ক্রয় করতে নিতে বলছেন। বাহিরের ঔষধের দোকানগুলোতে হঠাৎ করে আইভি স্যালাইনের চাহিদা বেরে যাওয়ায় আইভি স্যালাইনের সংকট দেখা দিয়েছে দোকানগুলোতে। আত্মীয় স্বজনরা আইভি স্যালাইন সংগ্রহে হিমশিম খাচ্ছে।
উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান জানান, অতিরিক্ত গরমের কারণে খাবার দাবার সঠিক না হওয়ায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে।
আইভি স্যালাইন সংকট সম্পর্কে তিনি বলেন, রোগীদের যে পরিমাণ আইভি স্যালাইন দেয়া প্রয়োজন সেই পরিমাণ স্যালাইন স্টকে না থাকায় বাহির থেকে ক্রয় করতে বলা হয়।





