যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রোববার আরও ৩ জন সহ মোট ২০২ বাংলাদেশিদের মৃত্যু হয়েছে।
রোববার নিউইয়র্কে দু’জন পুরুষ ও ভার্জিনিয়ায় একজন নারী করোনায় আক্রান্ত হয়ে মারা যান।
নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ১৮৫ জন বাংলাদেশি। ভার্জিনিয়া মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে। আর নিউজার্সি ও মিশিগানে ছয়জন করে ও মেরিল্যান্ডে একজনের মৃত্যু নিয়ে যুক্তরাষ্ট্রের পাঁচ রাজ্যে ৪০ দিনে করোনায় প্রাণ গেল ২০২ জন বাংলাদেশির।
নিউইয়র্ক পুলিশের ট্রাফিক বিভাগের ম্যানেজার মোহাম্মদ আহসান (৪৬) রোববার মারা যান। করোনায় আক্রান্ত হয়ে আহসান আইনস্টাইন হাসপাতালে দু’সপ্তাহ চিকিৎসায় থেকে মৃত্যুর কাছে হার মানেন। তাকে নিয়ে নিউইয়র্ক পুলিশের ট্রাফিক বিভাগের তিনজন বাংলাদেশির করোনায় মৃত্যু হলো।
এদিকে করোনায় আক্রান্ত ৭১ বছরের খাদিজা বেগম ভার্জিনিয়ার স্প্রিং ফিল্ড সিটিতে নিজ বাসায় রোববার ভোরে মারা যান।
ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, রাতে আক্রান্ত ও মৃত্যুর পর সুস্থের হিসাবেও সব দেশকে পেছনে ফেলেছে যুক্তরাষ্ট্র। আগের দিন প্রথম দেশ হিসেবে জার্মানিতে এক লাখের বেশি মানুষ সুস্থ হয়েছে। একদিনেই যুক্তরাষ্ট্র তাদের টপকে গেল।
ওয়ার্ল্ড-ও-মিটারের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে ৯ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দেশটির ৫৪ হাজারেরও বেশি মানুষ এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন। আর সুস্থ হয়েছেন ১ লাখ ১৮ হাজারেরও বেশি মানুষ। আর দেশটির ৫০ লাখ ৭৬ হাজারেরও বেশি মানুষকে করোনা টেস্ট করা হয়েছে।





