এবার বঙ্গবন্ধুকে নিয়ে গাইলেন শুভমিতা

ফাইল ছবি

আনন্দ বিনোদন

এবার বঙ্গবন্ধুকে নিয়ে গাইলেন শুভমিতা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ৪ সেপ্টেম্বর, ২০১৯

বঙ্গবন্ধুকে নিয়ে গানে কণ্ঠ দিলেন ওপার বাংলার নন্দিত কণ্ঠশিল্পী শুভমিতা। দেখো তোমার জন্যে বাংলার আকাশে গাঙচিল উড়ে যায়/দেখো তোমার জন্যে রংতুলিতে কত শিশু ছবি এঁকে যায়/টুঙ্গিপাড়ার মেঠোপথ ধরে/সবুজের বুক চিরে/আবার এসো পিতা সেই মধুমতী নদীর তীরে-এমন কথার গানটি লিখেছেন কবি সুজন হাজং। সুর করেছেন যাদু রিছিল এবং সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।

‘আবার এসো পিতা’ শিরোনামের এই গানটি গত সোমবার সন্ধ্যায় কলকাতার গড়িয়া হাট ‘গান বাজনা’ স্টুডিওতে কণ্ঠ দেন শুভমিতা।

গান প্রসঙ্গে গীতিকার সুজন হাজং বলেন, প্রিয় সংগীতশিল্পী শুভমিতার খুব মিষ্টি মায়াবী কণ্ঠে বঙ্গবন্ধুকে নিয়ে আমার লেখা একটি গান গাওয়ানোর স্বপ্ন ছিল। আজ সেই স্বপ্নটা সত্যি হলো। বঙ্গবন্ধুর প্রতি সংগীতশিল্পী শুভমিতার শ্রদ্ধাবোধ দেখে আমি মুগ্ধ। বঙ্গবন্ধু সর্বজনীন। এই গানে বঙ্গবন্ধুকে আমি তার শৈশবের সেই টুঙ্গিপাড়া এবং মধুমতি নদীর তীরে আবার ফিরে আসার আহ্বান জানিয়েছি।

সংগীতশিল্পী শুভমিতা বলেন, বাংলাদেশের জাতির পিতাকে নিয়ে গান গাইতে পেরে সম্মানিত বোধ করছি। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বাঙালির আত্মত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। সুজন হাজংয়ের গানের কথা খুব চমৎকার। বঙ্গবন্ধুর প্রতি সত্যিকারের ভালোবাসা না থাকলে এমন গান লেখা যায় না। গানের লাইনগুলো হূদয়ে গেঁথে গেছে, তাই গানটি মুখস্থ গেয়েছি। আশা করি এই গানটির মধ্যে বাংলাদেশের মানুষ তাদের জাতির পিতার প্রতিকৃতি খুঁজে যাবে। 

গীতিকার সুজন হাজং জানান, গানটি  ‘বঙ্গবন্ধু তুমি স্বপ্ন বাঙালির’ অ্যালবামে সংযোজন করা হবে। এ অ্যালবামে আরো কণ্ঠ দিচ্ছেন নচিকেতা (ভারত), আশরা কুনওয়ার (নেপাল), সাংগে হ্লাদেন শেরিং (ভুটান), ডেভিড (শ্রীলঙ্কা) এবং শালাবি (মালদ্বীপ)। পুরো অ্যালবামের গানগুলো লিখেছেন সুজন হাজং। ২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অ্যালবামটি প্রকাশ হবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads