বিশেষ প্রতিনিধি
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বনানীর এফ আর টাওয়ার অগ্নিকাণ্ডের ঘটনা কোনো দুর্ঘটনা নয়। বরং এটি গাফিলতির মাধ্যমে একটি হত্যাকাণ্ড।
আজ শুক্রবার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বনানীর এফ আর টাওয়ার পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ভবন নির্মাণে ত্রুটি ও অনুমোদনহীন নকশার জন্য দায়ী যেই হোন না কেন, যত শক্তিশালী আর প্রভাবশালী হোক না কেন তাকে তদন্তের আলোকে শাস্তির আওতায় আনা হবে।
তিনি আরো বলেন, যেসব অবৈধ ভবন রয়েছে সেগুলো ভেঙে ফেলা হবে। এসব ভবন নির্মাণের সঙ্গে রাজউকের যেসব কর্মকর্তা জড়িত আছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ভবন অনুমোদনের সময় রাজউকের সেই সময়ের চেয়ারম্যানসহ সংস্থার সংশ্লিষ্টদের খোঁজা হচ্ছে। তাদেরকেও আইনের আওতায় আনা হবে।
আগুনের ঘটনায় ফৌজদারিসহ তদন্তের আলোকে যে ধরনের মামলা দেওয়া যায় সেই ধরনে মামলা হবে বলে জানানা তিনি।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ 'আগুন আগুন' বলে চিৎকার শুরু হয় রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউর ৩২ নম্বর এফ আর টাওয়ার থেকে আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসছে দেখা যায়। এরপরই শুরু হয় দৌড়াদৌড়ি। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ২২ তলাবিশিষ্ট ওই ভবনে। হঠাৎ পাল্টে যায় বনানীর দৃশ্যপট। প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে সশস্ত্র বাহিনীর সদস্য ও বিমানবাহিনীর পাঁচটি হেলিকপ্টার ব্যবহার করা হয়। ভবনটির ছাদে আটকে পড়া অনেককে উদ্ধার করে বিমানবাহিনীর হেলিকপ্টার। এ ছাড়া অগ্নিনির্বাপণে হেলিকপ্টার থেকে ভবনটিতে পানিও ফেলা হয়।
এফ আর টাওয়ারের আগুনে এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এতে আহত ও দগ্ধ হয়েছেন অন্তত ৭০ জন।





