উদ্বোধনের সাড়ে ৪ বছরেও চালু হয়নি চবির ২ হল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ছবি : সংগৃহীত

শিক্ষা

উদ্বোধনের সাড়ে ৪ বছরেও চালু হয়নি চবির ২ হল

  • জুবাইর উদ্দিন, (চবি)
  • প্রকাশিত ৩০ মার্চ, ২০১৯

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জননেত্রী শেখ হাসিনার নামে প্রতিষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত দুটি আবাসিক হল উদ্বোধনের সাড়ে ৪ বছর পরও চালু হয়নি।

হল দুটিতে শিক্ষার্থীদের অ্যাটাচমেন্ট দেওয়া হলেও আসন বরাদ্দ করা হয়নি এখনো। ফলে চরম আবাসন সঙ্কটে ভুগছেন সাধারণ শিক্ষার্থীরা। প্রশাসনের অবহেলায় হল দুটি চালু হচ্ছে না বলে অভিযোগ করেছেন একাধিক শিক্ষার্থী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালের ৮ অক্টোবর ভিডিও কনফারেন্সর মাধ্যমে হল দুটির উদ্বোধন করেন।

এদিকে অন্য হলগুলোতে আবারো সিট বরাদ্দের আবেদনপত্র দিতে বলা হয়েছে। তাই এ হলগুলোর শিক্ষার্থীরাও চাইছেন তাদেরও সিট বরাদ্দ দেওয়া হোক। কিন্তু নিরাপত্তার অজুহাত দেখিয়ে বরাদ্দ দিতে রাজি নয় চবি কর্তৃপক্ষ।

অন্যদিকে হল উদ্বোধনের সঙ্গে সঙ্গে শেখ হাসিনা হলের প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়। কোনো ধরনের কার্যক্রমে অংশ না নিয়েই তিনি প্রভোস্টের যাবতীয় সুযোগ-সুবিধা নিচ্চেন বলে অভিযোগ একাধিক শিক্ষকের। তবে  এখনো বঙ্গবন্ধু হলের প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, জননেত্রী শেখ হাসিনা হলের মোট আয়তন প্রায় ৯৮ হাজার ৫০০ বর্গফুট।  ছাত্রীদের জন্য নির্মিত চারতলা এ হলে থাকছে ৫০০টি আসন এবং ছেলেদের জন্য নির্মিত প্রায় ৪৫ হাজার বর্গফুটের দুইতলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে আসন রয়েছে ১৮৬টি। হল দুটি নির্মাণে ব্যয় হয়েছে ২৭ কোটি ৭০ লাখ ৮৫ হাজার ৪৭১ টাকা।

উদ্বোধনের দেড় বছর পরে শিক্ষার্থীদের সিট বরাদ্দ না দিয়ে ২০১৭ সালের মে থেকে দুটি হলেরই ঊর্ধ্বমুখী সম্প্রসারণের কাজ শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছয়তলা ভবন করে আসন বাড়ানো হয়েছে আরো ৫৬৪টি। ফলে এর মোট আয়তন দাঁড়িয়েছে প্রায় ১৩ হাজার ৮৪৮ বর্গমিটার, যার নির্মাণ ব্যয় ধরা হয় ৩৩ কোটি ১৪ লাখ ৪৭ হাজার টাকা। অন্যদিকে ৫০০ আসনবিশিষ্ট চারতলা জননেত্রী শেখ হাসিনা হলকে আরো দুই তলা বাড়িয়ে ছয় তলাবিশিষ্ট ভবন করে আসন বাড়ানো হয়েছে ২০০টি। ফলে এখন এ হলের মোট আয়তন প্রায় ১২ হাজার ৭০০ বর্গমিটার, যার নির্মাণ ব্যয় ধরা হয় ২৬ কোটি ৫০ লাখ ৩৫ হাজার টাকা। দুটি হলেরই বর্ধিত কলেবরের নির্মাণকাজ চলমান।

হলের ব্যাপারে একাধিক শিক্ষার্থী জানান, একাধিক হলে সিট বরাদ্দের জন্য আবেদন দিতে বলা হলেও আমাদের হলটি এখনো চালু হচ্ছে না। এবার আমাদেরও বরাদ্দ দেওয়া হোক। এছাড়া বর্তমানে হলগুলোতে ধারণক্ষমতার চেয়ে অধিকসংখ্যক শিক্ষার্থী অবস্থান করছেন। আমাদের ছাত্রী হলগুলোতে দুইজনের জন্য বরাদ্দ করা রুমে ৫-৬ জন করে থাকতে হচ্ছে। এছাড়া রাজনৈতিক দখলদারিত্বের কারণে অনেককেই ক্যাম্পাসের বাইরের মেস বা কটেজগুলোতে চড়া ভাড়ায় থাকতে হচ্ছে। ফলে মধ্যবিত্ত ও দরিদ্র শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন। ৭৫০ আসনের শেখ হাসিনা হল চালু হলে আমাদের আর এত কষ্ট করে থাকতে হবে না। এছাড়া চালু হলগুলোতে আধুনিক সুযোগ-সুবিধার অভাব, নিম্নমানের খাবার পরিবেশন ও অস্বাস্থ্যকর পরিবেশ রয়েছে। ফলে আমাদের পড়াশোনা করার ক্ষেত্রে নানা ধরনের সমস্যায় পড়তে হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, দুটি হলই আমাদের ঐতিহ্য। এখনো হল দুটির কাজ সম্পূর্ণ শেষ হয়নি। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে চালু করা সম্ভব হচ্ছে না। তবে শিগগিরই সব তথ্য জমা দিতে বলেছি।

কাজ কবে নাগাদ শেষ হবে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. আবু সাইদ হোসেন বলেন, ‘বর্তমানে হল দুটির ঊর্ধ্বমুখী সম্প্রসারণের কাজ চলছে। জুন মাসে দুটি হলেরই সম্পূর্ণ কাজ শেষ হবে।’

হলে সিট বরাদ্দের ব্যাপারে জননেত্রী শেখ হাসিনা হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দিন বাংলাদেশের খবরকে বলেন, ‘হল দুটি কবে চালু করতে পারব, তা এখন বলা যাচ্ছে না। হলের এখনো ডাইনিং, প্রার্থনা কক্ষসহ অনেক কাঠামোগত কাজ বাকি। এছাড়া একটা হল চালাতে গেলে কমপক্ষে ৩০-৩৫ জন কর্মচারী লাগে এখনো এ নিয়োগ সম্পন্ন হয়নি। এছাড়া দ্বিতীয় পর্যায়ের কাজ এখনো চলছে। এসব কিছু শেষ হলেই আমরা সিট বরাদ্দ দেওয়া শুরু করব।’ অন্যদিকে এখনো শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট এখনো নিয়োগ দেওয়া হয়নি।

কবে নাগাদ হল চালু করা হবে জানতে চাইলে চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নুর আহমদ বাংলাদেশের খবরকে বলেন, ‘এখনো হলের মূল কাজ শেষ হয়নি। বঙ্গবন্ধু হলের ওপরের অংশের কাজ এখনো অসম্পন্ন। এছাড়া টেকনিক্যাল কিছু সমস্যার কারণে হল চালু করা যাচ্ছে না। তবে এ বিষয়ে প্রকৌশলী ভালো বলতে পারবেন।’

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় ২৪ হাজার শিক্ষার্থীর মধ্যে ছাত্রছাত্রী মিলে ১২টি হলে মাত্র ৫ হাজার ৪৫টি আসন রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads