গাজীপুর সদর থেকে ৭ দেশি ঘুঘু উদ্ধার করা হয়েছে। পরে সেগুলো শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বিকালে অবমুক্ত করা হয়েছে।পাখি শিকারিরা এ উদ্ধার হওয়া ঘুঘু ধরার ফাঁদ হিসেবে ব্যবহার করে আবারো ঘুঘু শিকার করা হতো। পরে পাখি শিকারি হাবিবুরকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান বলেন, গাজীপুর সদর উপজেলার ভাওয়াল গড় গ্ৰামের আলী আহাম্মদের ছেলে হাবিবুর রহমানের কাছে ৭টি দেশি ঘুঘু ছিল। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এএসএম জহির উদ্দিন আকনের দেওয়া তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে হাবিবুরের কাছ থেকে এসব ঘুঘু উদ্ধার করা হয়। এসব ঘুঘু অন্য ঘুঘু ধরার ফাঁদ হিসাবে ব্যবহার করা হতো। পরে সাফারি পার্কের অরণ্যে অবমুক্ত করা হয়েছে ঘুঘুগুলো। এ সময় পাখি শিকারি হাবিবুরকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এ অভিযানে সহযোগিতা করেন ভাওয়াল জাতীয় উদ্যান রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মী সাদেকুল ইসলাম প্রমূখ।





